Sunday, 19 March 2017

স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা।


স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা_শাহিদ আহমদ হাতিমী
 ::
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিচিত্র পৃথিবীর অপূর্ব সুন্দর একটি দেশ। যার আকাশটা উদার অসীম নীল। ভূমিটা সবুজ-শ্যামল, উর্বর-সমতল। দেশটিতে আছে মাটির মমতা ভরা ঘরবাড়ি, প্রাণ জুড়ানো ফসলের হাসি, খনিজ সম্পদের ভাণ্ডার। আছে এদেশের মানুষগুলোর স্বতন্ত্র কিছু বৈশিষ্ট। ঈদে-ঈদগাহে, কীর্তনে-মন্দিরে, পূঁজায়-গীর্জায় উৎসব পালনের স্বাধীনতাও আছে। আছে ধর্ম-বর্ণ, জাতি নির্বিশেষে মুক্তিযোদ্ধার চেতনায় স্বাধীনতা সংগ্রামে এক হওয়ার ঐতিহ্য। আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দেয়ার অধ্যায়। আছে ভাষা আন্দোলনের সোনালী ইতিহাস। আছে মওলানা ভাসানীর দাবি, শেখ মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের ঘোষণা। রয়েছে ষাটগম্বুজ স্থাপনা, লালবাগ কেল্লা, নয়নকাড়া সংসদ ভবনসহ নানা ঐতিহ্যবাহী স্থাপনা। আরও আছে সবুজের ছায়াময় বিস্তৃত জমিন। সোনালী ধানে ভরা ক্ষেত। রয়েছে এঁকেবেঁকে ছুটে চলা ছোট-বড় নদ-নদী। অনেক কিছুই আছে। দেশটির রূপ-রস, সৌন্দর্য-মাধুর্য্য, ইতিহাস-ঐতিহ্য নিয়ে সবাই বলেন। স্বাধীনতাযুদ্ধ নিয়েও অনেকে লিখেন কিন্তু এই দেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা, ত্যাগ, অবদান ও আত্মদানের কথা অনেকেই লিখেন না বা লিখতে চান না। চলমান প্রয়াসে সে বিষয়ের আলোকপাত।

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশ দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। অনেকের মতো আলেম সমাজও এদেশের মুক্তিকামী মানুষের পাশে দাড়িয়ে দেশের মানুষকে পাকিস্তানী জালিম শাসকদের কবল থেকে মুক্ত করেছিলেন। অসংখ্য উলামায়ে কেরামগণ তাদের জানমাল, শক্তি সামর্থ্য দিয়ে মাতৃভূমি বাংলাদেশের স্বাধীকার আদায়ে ও মজলুম জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন। তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগা শাহীর সাক্ষাৎকার, যা মার্কিন টেলিভিশন এবিসির মাধ্যমে প্রচার করা হয়েছিল। ওই সাক্ষাৎকারে সাংবাদিক বব ক্লার্কের এক প্রশ্ন থেকে স্পষ্ট প্রমাণিত হয়, আলেম সমাজ মুক্তিযুদ্ধে জনগণের পাশে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সাংবাদিক অ্যান্থনী মাসকারেণহাস লেখেন- ‘কুমিল্লার নবম ডিভিশন হেডকোয়ার্টারে আমার সফরকালে আমি দেখেছি, পাঞ্জাবি অফিসারগণ বাঙালিদের ইসলামের আনুগত্যের প্রতি সব সময়ই সন্দেহ পোষণ করত। তারা বাঙালি মুসলমানদের কাফের ও হিন্দু বলত।’
‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’ এ বাণীর মর্ম অনুধাবন করে স্বদেশপ্রীতির প্রেরণায় কত মানুষ যে যুগে যুগে কত স্বার্থ ত্যাগ করেছে, তার হিসেব নেই। প্রকৃত দেশপ্রেমিক দেশ ও জাতির জন্য প্রাণ দেওয়াকে অবশ্য কর্তব্য বলে মনে করে। প্রকৃত অর্থে দেশ ও জাতির সেবায় তথা মানবতার সেবায় আত্মোৎসর্গ করতে পারলে সত্যিকার দেশপ্রেমিকরা নিজেকে ধন্য মনে করেন। দেশের স্বাধীনতা যেখানে বিপন্ন, মানবতা যেখানে বিপর্যস্তÍ, সেখানে দেশ ও দেশবাসীর মান-সম্ভ্রম রক্ষা করার জন্য যুদ্ধ করা সবার জন্য একান্ত প্রয়োজন। দীর্ঘ সংগ্রামের পর অনেক রক্তের বিনিময় ১৯৭১ সালে জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে হিজল-তমাল, তরুলতা আর সবুজ-শ্যামলতায় ঘেরা রূপসী বাংলাদেশ। বিশ্বের দরবারে আমাদের আত্মপরিচয় ঘটেছে স্বাধীন বাঙালী জাতি হিসেবে।
অনেকের ধারণা, আলেম সমাজের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে কওমী মাদরাসাগুলোও তেমন অবদান রাখেনি। তাদের ধারণা ভুল। এ ব্যাপারে কিঞ্চিৎ আলোচনা প্রয়োজন। বাংলাদেশের শীর্ষ কওমী মাদরাসাগুলোর মধ্যে অন্যতম মাদরাসা হলো চট্টগ্রামের জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা। এই মাদরাসাটি ইতিহাসের স্বাক্ষী। ১৯৭১ সালে এপ্রিল মাসে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের পটিয়া মাদরাসায় আশ্রয় নিয়েছিলেন। জিয়াউর রহমানকে আশ্রয় দেয়ার অপরাধে পটিয়া মাদরাসার একাধিক শিক্ষককে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। পাকিস্তানী হানাদার বাহিনী যখন নিশ্চিৎ হয়, পটিয়া মাদরাসার আলেমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, তখনই (১৯৭১ সালের ১৭ এপ্রিল) পটিয়া মাদরাসার উপর জঙ্গি বিমান দিয়ে বোমা বর্ষণ শুরু করে। পাকিস্তানী হানাদার বাহিনীর এই বোমা বর্ষনে পটিয়া মাদরাসার শিক্ষক আল্লামা দানেশ ও ক্বারী মাওলানা জেবুল হাসানসহ অনেকেই শহীদ হন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর রাজাকার বাহিনীর হাতে মুক্তিযুদ্ধকে সমর্থন করার জন্য দেশের একজন স্বনামধন্য আলেমও শহীদ হয়েছিলেন। তার নাম মাওলানা অলিউর রহমান। ১৪ ডিসেম্বর উনার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় রায়ের বাজার। পাকিস্তানি হানাদার বাহিনীরা বেয়নেট দ্বারা খুচিয়ে খুচিয়ে উনাকে হত্যা করে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জয়দা গ্রামের মাওলানা বাড়ির সবাই মুক্তিযুদ্ধা ছিলেন। মাওলানা বাড়ির ছেলে মাওলানা হাবীবুর রহমান, যিনি সরাসরী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। তাঁর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এর সনদ ক্রমিক নং ১০০৯। মাওলানা বাড়ির জামাই হাফেয মোহাম্মদ মহিউদ্দীন আহমদ ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযুদ্ধা। উনার ক্রমিক নং ৯৫২। এইরকম অনেক উদাহরণ দেওয়া যাবে।
“মুক্তিবাহিনীকে সমর্থন করার জন্য রাজবাড়ী জেল খানায় মাওলানা কাজী ইয়াকুব আলীকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। মাওলানা কাজী ইয়াকুব আলীকে গলা কেটে হত্যা করে, তারপর তার পেটের মাঝখানে পাকিস্তানি পতাকা পুঁতে দিয়ে বলে, ‘আভি শালা জয় বাংলা বোলো’।
শুধু তাই নয় ১৯৭১ সালে এই দেশে ভারতের দেওবন্দ মাদরাসাকেন্দ্রিক আলেমদের সংগঠন “জমিয়তে উলামায়ে হিন্দ” এর নেতারাও কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে অনেক ফতোয়া, বিবৃতি দিয়েছিলেন। “১৯৭১ সালে দেওবন্দি আলেম শায়খুল ইসলাম মুফতী আমীমুল এহসান রাহ. পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে ফতোয়া দিয়েছিলেন। পরবর্তীতে ইয়াহিয়া সরকার তাঁকে জোর করে সৌদি আরব পাঠিয়ে দেয়। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশে ফিরলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বায়তুল মোকাররম মসজিদের প্রধান খতীব হিসেবে নিযুক্ত করেন।
১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া সদরের সবচেয়ে বড় কওমী মাদরাসার প্রধান মুহতামিম ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম রাহ. পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনেক বড় বড় আলেম তার ফতোয়া শুনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অনেক মুক্তিযুদ্ধাকে আল্লামা তাজুল ইসলাম নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন। দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও দিয়েছিলেন।
সাংবাদিক শাকের হোসাইন শিবলি সহস্রাধিক পৃষ্ঠার একটি বই লিখেছেন। বহুল প্রশংসিত সেই বইটির নাম- ‘আলেম মুক্তিযোদ্ধার খোঁজে।’ এ বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের ইতিহাস। এ চেতনায় শত শত আলেমের অস্ত্র তুলে নেবার রোমাঞ্চকর ইতিবৃত্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলার বিভিন্ন মত ও পেশার লোকেরা অংশগ্রহণ করেছিলেন। বাংলার আলেম সমাজও এর থেকে দূরে ছিলেন না। তবে আলেমরা কিন্তু আওয়ামীলীগ বা ছাত্রলীগ করতেন না। কওমী মাদরাসা পড়ুয়ারা শুধু দেশ মাতৃকার টানে ও নির্যাতীত নারীদেরকে পাকিস্তানী হানদার বাহিনীর লালসার হাত থেকে বাঁচানোর জন্যই মুক্তিযুদ্ধ করেছিলেন। তথাকথিত কিছু ইসলামী দলের কতিপয় ব্যক্তির মুক্তিযুদ্ধের সময়কার অপকর্মকে ভিত্তি করে দয়া করে সকল আলেম উলামাদেরকে রাজাকার, আলবদর, আল শামস বলে গালি দিবেন না।
১৯৭১ সালের যুদ্ধ ছিল জালিম-মজলুমের যুদ্ধ। পাকিস্তানিরা ছিল জালিম। এ দেশের নিরীহ মানুষ ছিল মজলুম। সুস্থ বিবেকসম্পন্ন কোনো মানুষ জালেমের পক্ষাবলম্বন করতে পারে না। মজলুমকে সাহায্য করা, তার পক্ষে কথা বলা, এটাই বিবেকের দাবি। মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী, আড়াইহাজার থানা কমান্ডার শামছুল হক (সাবেক এমপি) এর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে আমি লালবাগ মাদ্রাসার ছাত্র। যুদ্ধ শুরু হলে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আমি হাফেজ্জী হুজুরকে জিজ্ঞেস করলাম, এ যুদ্ধে আমাদের ভূমিকা কী হবে? হুজুর বললেন, অবশ্যই জালেমদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাঁর এ কথায় আমি পাকিস্তানিদের জুলুমের প্রতিবাদের প্রেরণা পাই এবং যুদ্ধে অংশগ্রহণ করি।
পাকিস্তান পিপলস পার্টির নেতা, তারেক ওয়াহিদ বাট তার ‘নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার ইসলাম আওর পাকিস্তান’ গ্রন্থে উল্লেখ করেছেন, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মাহমুদ সাহেবের বক্তব্য সব সময় বাঙালি মুসলমানদের পক্ষে ছিল। এ কথার সত্যতা পাওয়া যায় সিলেটের জকিগঞ্জ এলাকার মাওলানা আব্দুস সালামের কথায়। তিনি বলেন, ১৯৭১ সালে আমি করাচি ইউসুফ বিন্নুরী মাদরাসার ছাত্র। একদিন মুফতি মাহমুদ সাহেব মাদরাসায় এলে তাঁকে এক নেতা শেখ মুজিব সম্পর্কে জিজ্ঞেস করেন, ‘গাদ্দারকে তো গ্রেপ্তার করা হয়েছে, তাঁকে কি এখনো হত্যা করা হয়নি? এ কথা শুনে মুফতি মাহমুদ সাহেব অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, কাকে গাদ্দার বলছো? মুজিব গাদ্দার নয়, তিনি একজন সুন্নি মুসলমান। প্রত্যেক মুসলমানের জানমালের হেফাজত করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য।
মুফতি মাহমুদ রাহ. ১৩ মার্চ এক বক্তব্যে স্পষ্ট ভাষায় ইয়াহইয়া-ভূট্টোর নীতিকে ভুল আখ্যা দিয়ে জনপ্রতিনিধি হিসেবে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে শেখ মুজিবকে সরকার গঠনের জন্য আহ্বান জানানো প্রেসিডেন্টের অবশ্যই কর্তব্য। [সূত্র: কাইদে জমিয়ত মুফতি মাহমুদ, আশফাক হাশেমী/সাপ্তাহিক কওমী ডাইজেস্ট, মুফতি মাহমুদ নাম্বার, পাকিস্তান] তথ্যানুসন্ধানে জানা যায়, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এবং এ দেশের মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধকরণে অনেক আলেমরা কাজ করেছেন। তাঁদের মধ্যে শাহখুল হাদিস মাওলানা কাজী মু’তাসিম বিল্লাহ রাহ. প্রিন্সিপাল, মালিবাগ মাদ্রাসা ঢাকা, শায়খুল হাদিস মরহুম তাজাম্মুল আলী সিলেট, মাওলানা আবুল হাসান যশোরী রাহ., ময়মনসিংহের মরহুম মাওলানা আরিফ রাব্বানী, মুফতি নুরুল্লাহ বি-বাড়িয়া, মরহুম মাওলানা শামসুদ্দীন কাসেমী, জমিয়ত নেতা আল্লামা মুস্তফা আযাদ আরজাবাদ ঢাকা, খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ি, জাঈমুল ক্বওম মাওলানা হাবিব উল্লাহ সিলেট প্রমুখ আলেমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের মধ্যে শায়খুল হাদিস কাজী ম’তাসিম বিল্লাহর ভূমিকা ছিল অনেক বেশি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবিসংবাদিত মুসলিম নেতা, প্রখ্যাত আলেম আওলাদে রাসুল সাইয়্যিদ আসআদ মাদানী রাহ.’র ভূমিকা অবিস্মরণীয়। পাকিস্তান বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলা করলে তিনি তাৎক্ষণিক জমিয়তে উলামায়ে হিন্দের মিটিং আহ্বান করে তার তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তাঁর জোরালো বক্তব্য পেশ করেছিলেন। এরপর পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করলে তিনি তার প্রতিবাদে লাখো জনতা নিয়ে দিল্লিতে মিছিল করে বঙ্গবন্ধুর মুক্তি ও বাংলাদেশের স্বাধীনতার দাবি জানিয়েছিলেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্যপ্রমাণ জমিয়তে উলামায়ে হিন্দের দিল্লি অফিসে বিদ্যমান রয়েছে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল যুদ্ধ পরবর্তী সময়ে হাফেজ্জী হুজুর রাহ.’র হাতে বায়আত হয়ে তাঁর শিষ্যত্ব গ্রহণ করলে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে হাফেজ্জী হুজুরের মতো রাজাকারের শিষ্যত্বে এলেন কেন? জবাবে তিনি বলেছিলেন, হাফেজ্জী হুজুর রাজাকার ছিলেন না। একাত্তরের যুদ্ধ আমরা জালেমদের বিরুদ্ধে করেছি, ইসলামের বিরুদ্ধে নয়। আমাদের বাম রাজনীতিকরা ইসলামী দলগুলোর চরিত্রের ওপর বিচার করে আলেমদের রাজাকার হিসেবে আখ্যায়িত করছেন। অথচ তারা জানেন না, আলেমরা ভারতবর্ষকে ‘দারুল হরব’ ঘোষণা না করলে আজো এই ভারত উপমহাদেশ পরাধীন থাকতো।”
২০০৫ সালের ডিসেম্বরের ৩০ তারিখ একটি জাতীয় দৈনিকে লেখক মুহাম্মদ ফায়জুল হক ‘স্বাধীন বাংলা বেতারে আলেম মুক্তিযোদ্ধা’ শিরোনামে লেখায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে প্রকাশিত নিরীক্ষার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের সময় কলকাতা স্বাধীন বেতার কেন্দ্রে মুক্তিযোদ্ধা আলেম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা খায়রুল ইসলাম যশোরী ও মাওলানা ওবায়দুল্লাহ্ বিন সাঈদ জালালাবাদী ইসলামের দৃষ্টিতে অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন এবং মানুষকে ইসলামের আলোকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করতেন।
আমরা এ ক্ষুদ্র প্রয়াসে স্বাধীনতাযুদ্ধে আলেম সমাজের ভূমিকা, অবদান এক পলক উপখ্যান ও কিছু কথা এবং কতিপয় মুক্তিযোদ্ধা আলেমের নাম, [প্রিয় মাতৃভূমির স্বাধীনতায় যাঁদের অবদান রয়েছে] তাঁদের সম্পর্কে যৎসামান্য হলেও জানতে পারলাম। এ ধরণের বহু আলেম নিঃসন্দেহে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা তাঁদের সঠিক ইতিহাস জানি না বা জানারও প্রয়োজন মনে করি না। আলেমসমাজও এর প্রতি তেমন গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু এতে যে আলেম সমাজ সাধারণ জনগণ থেকে দূরে থেকে যাচ্ছেন, এটা অবশ্য আলেম সমাজের বোঝা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সে সাথে একটি আহবান জানাচ্ছি। এখানে একটি বিষয় বলাবাহুল্য যে, সেক্যুলার রাজনীতি যারা করেন, তারা আলেমদের থেকে দূরে থাকার কারণে স্বাধীনতাযুদ্ধে আলেমদেরকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে থাকেন। আলেমসমাজকে স্বাধীনতাবিরোধী মনে করার একটি বড় কারণ হলো, স্বাধীনতার পর এ দেশে বেশ কিছু জাতীয় দিবস, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস ইত্যাদি দিবস সরকারি ও বেসরকারিভাবে বেশ জাঁকজমকভাবে পালন করা হয়। কিন্তু এসব দিবসে সাধারণত আলেমসমাজ ও ইসলামী দলগুলোর কোনো ভূমিকা থাকে না, তারা এর প্রতি তেমন গুরুত্ব দেন না। এতে স্বাভাবিকভাবেই আলেমদের প্রতি সাধারণ মানুষের সন্দেহ সৃষ্টি হয় এবং তারা আলেমদের থেকে দূরে সরতে থাকেন। অথচ বিষয়টা এমন না হয়ে যদি আলেম সমাজ এসব জাতীয় দিবসগুলো ইসলামী ভাবধারায় তাঁদের মতো করে পালন করতেন। সেসব দিবসে তাঁরা যদি আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, দোয়া মাহফিলের আয়োজন করতেন, তাহলে মনে হয় আলেম সমাজ অহেতুক সমালোচনার পাত্র হতেন না এবং সাধারণ মানুষ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সুশীলসমাজের সঙ্গে আলেমদের যে দূরত্ব রয়েছে, তা অনেকাংশে কমে যেত এবং সাধারণের সঙ্গে তাদের সেতুবন্ধন তৈরি হতো। আলেমরা হতেন সমাজের সব শ্রেণীর শ্রদ্ধাভাজন। আমাদের মনে হয়, বিষয়টা আলেমসমাজের গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন। মুক্তিযোদ্ধা আলেমদের সঠিক ইতিহাস রচিত হোক, সাধারণ ও আলেমদের মাঝে তৈরি হোক সেতুবন্ধন। আলেমরা হোন সবার শ্রদ্ধাভাজন, এটাই আমাদের একান্ত প্রত্যাশা। মুহতারাম আলেমগণের প্রতি এই আহবানটুকুই করছি, আমরা আপনারা এ দেশের নাগরিক। আমাদের ধর্ম শিখিয়েছে “হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান”। সুতরাং আসুন দেশ ও রাষ্ট্রীয় রীতিনীতিগুলোর প্রতি একটু মনযোগী হই। বিশেষত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দিবসগুলো পালন করি।

তথ্য সূত্র.
১। আলেম মুক্তিযোদ্ধার খোঁজে, শাকের হোসাইন শিবলী।
২। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিল পত্র (৩য় খণ্ড)
৩। স্বাধীন বাংলার বেতার কেন্দ্র, বেলাল মোহাম্মদ।
৪। আমি বিজয় দেখেছি, এম আখতার মুকুল।
৫। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও উলামায়েকেরাম, সৈয়দ মবনু।
৬। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (২য় খণ্ড), আবু মুহাম্মদ দেলওয়ার হোসেন।
৭। শায়খুল ইসলাম মুফতী আমিমুল এহসান, জীবন ও কর্ম (ইফা প্রকাশিত)।
৮। ফখরে বাঙাল মাওলানা তাজুল ইসলাম ও উনার সাথীবর্গ, নূরুজ্জামান (ইফা প্রকাশিত)।http://komashisha.com/files/?p=5156

লেখক : কলামিস্ট, সম্পাদক-পুষ্পকলি।

Saturday, 18 March 2017

হুমায়ুন আজাদ-এর সঙ্গে আলাপ (১৯৯৫) |


[১৯৯৫ সালে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে। তার কিছুদিন পরে এ সাক্ষাৎকারটি নেওয়া হয়। এটি দু পর্বে দৈনিক বাংলাবাজার পত্রিকার তখনকার সময়ের বিশেষ পাতা ‘সাক্ষাৎকার’-এ ছাপা হয়েছিল। হুমায়ুন আজাদ আরো পরে তাঁর দেয়া সাক্ষাৎকারের একটি সঙ্কলন আততায়ীদের সঙ্গে কথপোকথন প্রকাশ করেন, সেখানে প্রায় সব সাক্ষাৎকার সংযোজিত হলেও এটি তিনি সঙ্কলিত করেন নি। সাক্ষাৎকারে নিষিদ্ধ ঘোষিত বই নারী, তসলিমা নাসরিন, এরশাদ, আল মাহমুদ, সচিব, মন্ত্রী, রবীন্দ্রনাথ, প্রবচন ইত্যাদি বিবিধ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন হুমায়ুন আজাদ। উল্লেখ্য ২০০০ সালে হাইকোর্টের রায়ে নারী বইয়ের নিষেধাজ্ঞা বাতিল ঘোষিত হয়। আজাদ সাক্ষাৎকারে আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, “এই বই আছে এবং থাকবে, বরং যারা নিষিদ্ধ করেছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে।”

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি গুপ্তঘাতকদের আক্রমণে মারাত্মক ভাবে আহত হন হুমায়ুন আজাদ। আরোগ্য লাভের পর একই বছরের আগস্ট মাসে জার্মান রোমান্টিক কবি হাইনরিখ হাইনের ওপর গবেষণা কাজে জার্মান যাত্রা করেন। সেখানে ১১ আগস্ট মিউনিখ শহরে নিজের অ্যাপার্টমেন্টে আকস্মিক ভাবে মারা যান তিনি। অকালপ্রয়াত হুমায়ুন আজাদের একষট্টিতম জন্মদিন মনে রেখে দুর্লভ এ সাক্ষাৎকারটি পুনর্মুদ্রণ করা হলো।
— বি. স.]

humayun_azad.jpg
হুমায়ুন আজাদ (২৮/৪/১৯৪৭-১১/৮/২০০৪)

সাক্ষাৎকার নিয়েছেন: রাজু আলাউদ্দিন ও ব্রাত্য রাইসু
ব্রাত্য রাইসু: আপনার নারী নিষিদ্ধ হয়েছে। এই মুহূর্তে আপনি কী ভাবছেন?

হুমায়ুন আজাদ: হ্যাঁ, বেশ অদ্ভুত হচ্ছে। তবে আমি বইটি নিষিদ্ধ হয়ে গেছে এটি মনে করছি না, বা মনেও হচ্ছে না।

রাইসু: প্রসিদ্ধ হলো বরং?

হুমায়ুন: প্রসিদ্ধ এটি আগেই ছিলো। আমার মনে হচ্ছে যে এই বই আছে এবং থাকবে, বরং যারা নিষিদ্ধ করেছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। এ-বইকে কারো পক্ষে নিষিদ্ধ করে রাখা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে কোনো বইকে নিষিদ্ধ করে রাখা যায় নি। আর আমি তো বারবার বলেছি যে প্রতিটি নিষিদ্ধ গ্রন্থ, প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়। কাজেই বলা যাক, বইটি এখন নতুন আলো দিচ্ছে। আমার ভালোই লাগছে বলা যায়। যদিও আমি এই সরকারি সিদ্ধান্তকে বিনা প্রতিবাদে বাস্তবায়িত হতে দেবো না।

রাইসু: প্রতিবাদের জন্যে কী করছেন?
—————————————————————–
তসলিমা কিন্তু তার ঐ নারীবাদী কলাম লেখা শুরু করেছিলো আমার লেখাকেই নকল করে। আমি যখন নারীবাদী লেখা শুরু করি আমার লেখাকে নকল করে বা অনুকরণ করে সে লেখা শুরু করেছে। এবং তার যে বিষয় সেগুলো অত্যন্ত লঘু। বলা যায়, সাড়া জাগানোর জন্য হিসেব করে লেখা।
—————————————————————–
হুমায়ুন: এখন তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকারে আমার বক্তব্য বলছি। যারা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে তাদের মানসিকতা সম্পর্কে বলছি এবং অত্যন্ত স্পষ্টভাবেই আমার বক্তব্য পেশ করছি। আমি মোটামুটি যেখানে যাচ্ছি, দেখতে পাচ্ছি তারা আমার বক্তব্যের সাথে একমত। চারপাশে বিভিন্ন ব্যক্তি এবং সংঘ নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে। তবে সরকারি এই আদেশ প্রত্যাহার করাতেই হবে এবং করাবার পদ্ধতি সম্ভবত আদালতের আশ্রয় গ্রহণ করা। কারণ আদালতেই শুধুমাত্র একটি অন্যায় আদেশকে বাতিল করার শক্তি রাখে। আমরা উচ্চ আদালতে অবশ্য আবেদন করবো, আমি নিশ্চিত যে এই নিষেধাজ্ঞা অবৈধ বলে গণ্য হবে।

রাইসু: আপনার নারী পাঠ করতে স্যার সরকারের মোট কতদিন লাগলো?

হুমায়ুন: ১৯৯২-এর ফেব্রুয়ারি থেকে ১৯৯৫-এর ১৯ নভেম্বরে যতদিন হয়। তবে বই আমার ধারণা এই সরকার সম্পূর্ণ পড়ে ওঠে নি। কারণ আমাদের মন্ত্রী এবং আমলাদের সম্পর্কে আমি জানি। তারা যে বই মন দিয়ে পড়তে পেরেছে এমন নয়। হয়তো এখানে-সেখানে তাকিয়ে দু’চারটি বাক্য পড়েছে এবং ভেবেছে বেশ পাওয়া গেছে।

রাজু আলাউদ্দিন: হবে স্যার, সিরিয়াসলি পড়েছে, নইলে এত সময় কেন লাগে?

হুমায়ুন: ওদের তো চল্লিশ বৎসর লাগার কথা ছিলো। তবু তো চার বছরে পড়ে উঠেছে।

রাজু: নারী নিয়ে আপনার ভবিষৎ পরিকল্পনা কী?

হুমায়ুন: বই নিয়ে, না বাস্তব নিয়ে?

রাজু: দুইটাই স্যার।

হুমায়ুন: না, বই তো নিষিদ্ধ হয়েছে বলে আমি মনে করি না। বইটির নতুন অর্থাৎ তৃতীয় সংস্করণ বেরিয়েছে সেপ্টেম্বর মাসে, এবং আমি নিশ্চিত ওই বইটির খবর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাখে না। ওরা হয়তো সেই প্রথম সংস্করণ নিয়েই ব্যস্ত থেকেছে, বা দ্বিতীয় সংস্করণ নিয়ে ব্যস্ত থেকেছে। কারণ ওরা তো আর বেরুবার সঙ্গে সঙ্গে পড়ে উঠতে পারে নি। প্রথম বা দ্বিতীয় সংস্করণ নিয়ে বানান ক’রে ক’রে পড়েছে।

রাজু: আদি নারীতেই ওনাদের মনোযোগটা ছিলো?

হুমায়ুন: আমার ধারণা ওরা এই নতুনটার খবর জানে না। আর নারী তো নিষিদ্ধ করা যায় না — এটা হচ্ছে পরিহাস। কিন্তু যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী নারী বিভিন্নভাবে নিষিদ্ধ। আমাদের সমাজে তো বিশেষভাবে নিষিদ্ধ। নইলে এত বড় একটি বই লেখার প্রয়োজন হতো না।

রাজু: বেইজিং-এ তো স্যার বিশাল এক নারীসম্মেলন হলো?

হুমায়ুন: বেইজিং-এ যে বিশাল সম্মেলন হয়েছে, এটি জাতিসংঘের আয়োজিত। গত কয়েক দশক ধরেই জাতিসংঘ বিভিন্ন দেশে এই ধরনের সম্মেলন করে আসছে। এবং এই সম্মেলনে নারীদের নানাভাবে নানারকম অধিকার দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কায়রোতে যখন সম্মেলন হয়েছিলো, তারপর বেইজিং-এ যে সম্মেলন হলো তাতে দেখা গেছে যে একটি গোত্র — একটি গোত্রই বলা ভালো — নারীর এই সম্মেলন এবং সম্মেলনে যে সমস্ত প্রগতিশীল প্রস্তাব পেশ করা হয় সেগুলোর বিরুদ্ধে। এরা হচ্ছে সব ধরনের মৌলবাদীরা। মুসলমান মৌলবাদীরা এর বিরুদ্ধে, খ্রীষ্টান মৌলবাদীরা এর বিরুদ্ধে, এবং হিন্দু মৌলবাদীরাও এর বিরুদ্ধে। অর্থাৎ মৌলবাদীরা এই বেইজিং সম্মেলনের বিভিন্ন প্রগতিশীল প্রস্তাবের বিরুদ্ধে। তবে পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো হচ্ছে কপট এবং দুষ্ট ব্যক্তিদের দ্বারা গঠিত। ওরা ঐ সম্মেলনে গেছে।

রাজু: ‘দুষ্ট’ বললে ওদেরকে একটু আদর করে দুষ্ট বলা হলো না?

হুমায়ুন: উইকেড পিপল বলা যায়। ওরা ওখানে গেছে, এবং যাওয়াটা গৌরবজনক মনে করেছে। অনেক প্রস্তাব বাধ্য হয়ে মেনে এসেছে। কিন্তু দেশে এসে আর ওসব কথা মনে রাখে নি। তারপরে পৃথিবীর কয়েকটি মুসলমান দেশ তাদের বোরখা-পরা নারীদের পাঠিয়েছে। এই বোরখা-পরা নারীরা গিয়ে পুরুষের ওই সমস্ত পঁচা সমস্ত কথা গড়গড় গড়গড় ক’রে বলেছে। আর মৌলবাদীর কথা বলছিলাম। যে, মৌলবাদীরা এর বিরুদ্ধে। তো মৌলবাদ কিন্তু ধর্ম নয়। মনে করা হয় যে মৌলবাদ হচ্ছে ধর্ম। মৌলবাদ ধর্ম নয়। এটা হচ্ছে রাজনীতি। মৌলবাদীরা যদি ক্ষমতা দখল করতে পারে তাহলে আর অন্যদের কখনো ক্ষমতা দেবে না। ইরানে যেমন দখল করেছে এবং অন্যদের ক্ষমতা পাওয়ার কোনো উপায় নেই।

রাজু: এই সরকার তো এর আগেও বেশ কিছু বই নিষিদ্ধ করেছে, আপনারটিই সর্বশেষ। সরকার কেন বই নিষিদ্ধ করে, আপনার কী মনে হয়?

হুমায়ুন: সরকার ঠিক কেন নিষিদ্ধ করে ভেতরের সংবাদ তো আমার জানা নেই। তবে আমি লক্ষ করছি এরা যখন একটি বইকে নিষিদ্ধ করছে তখনই এই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা বারবার বলছে। ধর্ম এদের একটি পুঁজিতে পরিণত হয়ে গেছে। ফলে তারা যখনই রাজনৈতিকভাবে অস্বস্তির মধ্যে থাকে তখনই দেশে ধর্মীয় ভাব জাগিয়ে তোলার একটি গোপন বা স্পষ্ট উদ্দেশ্য তাদের থাকে। এখন দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিযে যাচ্ছে। এই সময় একটু ধর্মীয় ভাবাবেগ যদি জাগিযে তোলা যায় এবং যদি তারা প্রমাণ করতে পারে বা দেখাতে পারে যে ইসলামের তারা এক বড় রকমের রক্ষক, তাহলে হয়তো নির্বাচনে এটা তাদের জন্য উপকারী হবে। ইসলামকে এখন তারা তাদের বাহ্যিক পোশাকে পরিণত করেছে। এটাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই সরকারের সময় বেশ কয়েকটি বই নিষিদ্ধ হয়েছে। ঐ বইগুলো সম্ভবত এই নারীর মত গুরুত্বপূর্ণ বই নয়। ঐ লেখকেরাও অতোটা গুরুত্বপূর্ণ নন। এবং ঐ বইগুলো সম্পর্কে, একটি ছাড়া, সাধারণ পাঠক অবহিতও ছিল না।

রাইসু: কোন একটা স্যার?

হুমায়ুন: নিষিদ্ধ করার ফলেই ওটি সম্পর্কে আগ্রহ বেশি জেগে গিয়েছিল। নইলে ওটা প্রকাশের পর ৬ মাস ধরে অনেকটা অপরিচিতই ছিল। সেটি লজ্জা বলে যে বইটি। প্রকাশের ৬ মাস ৭ মাস ৮ মাস অপরিচিত ছিলো।

রাইসু: তসলিমা নাসরিন নামটি কি আপনি স্যার মুখে আনতে চাচ্ছেন না?

রাজু: উচ্চারণযোগ্য নয় স্যার?

হুমায়ুন: কোনো প্রয়োজন নেই।

রাইসু: তসলিমা এবং আপনি, আপনারা দুজনই মোটামুটি নিষিদ্ধ হলেন? আপনারা দুজনই নারীবাদী। এক ধরনের মিল আছে তসলিমার সঙ্গে আপনার?

হুমায়ুন: হ্যাঁ, এক ধরনের মিল রয়েছে। দেখা যাক। তসলিমা কিন্তু তার ঐ নারীবাদী কলাম লেখা শুরু করেছিলো আমার লেখাকেই নকল করে। আমি যখন নারীবাদী লেখা শুরু করি আমার লেখাকে নকল করে বা অনুকরণ করে সে লেখা শুরু করেছে। এবং তার যে বিষয় সেগুলো অত্যন্ত লঘু। বলা যায়, সাড়া জাগানোর জন্য হিসেব করে লেখা। আর তার যে বইটি নিষিদ্ধ হয়েছে সেটি কিন্তু নারীবাদী বই নয়। তার নারীবিষয়ক কলামের বই, সেগুলো কিন্ত নিষিদ্ধ হয় নি। মনে রাখতে হবে তার যে-বইটি নিষিদ্ধ হয়েছে সেটাও সুপরিকল্পিতভাবে সাড়া জাগানোর জন্য লেখা এবং দেশকে একটা সাম্প্রদায়িক সংকটের মধ্যে ফেলে দেয়। ফলে ওই —

রাইসু: ফলে ওই বই নিষিদ্ধ করা ঠিক-ই ছিলো?

হুমায়ুন: আমি অবশ্য কোনো বই-ই নিষিদ্ধ করার পক্ষপাতি নই। আমি মনে করি বই চিন্তার প্রকাশ। মানুষ বিভিন্ন রকম চিন্তার প্রকাশ ঘটাবে। যদি ঐ চিন্তা মূল্যবান হয় তাহলে গৃহীত হবে আর যদি মূল্যবান চিন্তা না হয় তাহলে স্বাভাবিকভাবে অনুপস্থিত হয়ে যায়।

রাজু: কিন্তু যদি খুব ক্ষতিকর-চিন্তাসম্পন্ন কোনো বই হয় সে ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞার প্রয়োজন পড়বে?

রাইসু: যেমন ধরা যাক, খুন করার পদ্ধতি বিষয়ে একটা বই বের হলো — ?

রাজু: বা আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে একটা বই? আপনি নিজেকে কীভাবে ধ্বংস করবেন এ-ব্যাপারে একটা বই?

হুমায়ুন: আমি মনে করি, কোনোরকম চিন্তাই নিষিদ্ধ করা উচিত নয়। যদি এমনকি এ-ধরনের বইও বের হয় আত্মহত্যার সহজ কৌশল, বা —

রাইসু: ধর্ষণ করবার সহজ কৌশল, স্যার?

হুমায়ুন: ধর্ষণ করা নিয়েও যদি হয় আমি ঐ বই দেখে হাসবো। যে, একটি মানুষ এই ধরনের বইও লিখতে পারে। আমি ঐ বইয়ের জন্য কোনো আগ্রহ বোধ করবো না। তবে অনেকে আগ্রহ বোধ করবে। কিন্তু এটি কিন্তু সত্য নয়। আত্মহত্যার সহজ পদ্ধতি সম্পর্কে যদি কোনো বই লেখা হয় এবং অনেকেই পড়ে তাহলেই যে সে ঐ পদ্ধতি প্রয়োগ করবে এমন নয়। পৃথিবীতে বহু বই লেখা হয়েছে, বহু বই আমরা পড়েছি। বই পড়ার সঙ্গে সঙ্গে ওগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতে যাই না।

রাইসু: আর, আত্মহত্যার কোনো পদ্ধতিই সহজ না, ফলে ‘আত্মহত্যার সহজ কৌশল’ এরকম হতে পারে না?

হুমায়ুন: আমি কিন্তু আত্মহত্যার সহজ পদ্ধতি সম্পর্কে প্রবন্ধ পড়েছি। ইংরেজি ভাষায় লেখা। তারা এগুলো লিখেছে। বলেছে, আত্মহত্যার সবচে সহজ পদ্ধতি হচ্ছে গ্যাসের চুলোর ওপর মাথা চেপে রাখা। যেমন সিলভিয়া প্লাথ এ-পদ্ধতি গ্রহণ করেছিলেন। ইংরেজিতে কিন্তু এ-বিষয়ে বিচিত্র লেখা হয়েছে। এটি মনে রাখতে হবে যে, কোনো একটি বিষয়ে বই লেখা হলো এবং পাঠক পড়লো এবং পড়ার সঙ্গে সঙ্গেই সে তা বাস্তবায়িত করা শুরু করে না।

রাইসু: আপনার নারী বইটি যে পাঠক পড়লো,তারা এটির চর্চা তেমন শুরু করে নি স্যার?

হুমায়ুন: এটি পদ্ধতিমূলক বই নয়। এটি তাদেরকে —

রাইসু: আধ্যাত্মিকভাবে — ?

হুমায়ুন: এই বই তাদেরকে অনেক নতুন তথ্যও দিয়েছে। এবং যে-সমস্ত বিষয়গুলো তারা সচেতনভাবে বোধ করেনি সেগুলো সম্পর্কে তারা সচেতন হয়েছে। এবং এর ফলে তারা অনেকেই ধীরে ধীরে বদলে গেছে।

রাইসু: সামাজিক কোনো চেন্জ এসেছে স্যার?

হুমায়ুন: সামাজিক পরিবর্তন তো — এই বইয়ের ফলে সামাজিক পরিবর্তন ঘটলে এত দ্রুত চোখে পড়বে না। কিন্তু মানসিকতার পরিবর্তন বলা যাক, এ-বই যেসব তরুণেরা পড়েছে, বিশেষ করে সে তরুণদের মানসিকতার নানারকম পরিবর্তন ঘটেছে।

রাইসু: সেটা কি আপনি দেখেছেন, ছোটখাটো দৃষ্টান্ত কি আপনার চোখে পড়েছে স্যার?

হুমায়ুন: বোঝা যায়, অনেক তরুণী যে এখন আর নিজেকে, বলা যাক, পুরুষের থেকে অসহায় বলে মনে করে না। অনেকের মধ্যেই ‘আমার পেশা আমাকেই বেছে নিতে হবে, আমাকেই উপার্জন করতে হবে’ এই রকম মানসিকতা হয়েছে। এটি এমন কি আজ ভোরে এক মহিলা আমাকে টেলিফোন করেছেন। তিনি বললেন যে, ঐ বইয়ে যে নারীর শরীর বিষয়ক অংশ রয়েছে তা পড়ে তিনি তার নিজের শরীর সম্পর্কে জেনেছেন। এ রকম অনেকেই শিখেছে। আমি জানি, ঐ যে নারীর শরীর বিষয়ক যে-পরিচ্ছেদটি রয়েছে, এটি লেখার একটি কারণ হচ্ছে, আমি অনেক শিক্ষিত পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ৩/৪ সন্তানের মাতাকে প্রশ্ন করে দেখেছি যে তারা নিজেদের শরীর সম্পর্কে বিশেষ সচেতন না। জানে না যে কোন প্রত্যঙ্গের কী ভূমিকা। এমনকি নারীদের যে একটি মাসিক চক্র রয়েছে সেটি সম্পর্কেও তারা সচেতন নয়। তারা সেটি হিসেব করতে জানেন না, অথচ ৩ সন্তানের মাতা। এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত!

রাইসু: আপনি নিজেই জিগ্যেশ করেছেন স্যার?

হুমায়ুন: আমি তো এ বই লেখার সময় অনেকের সাক্ষাৎকার নিয়েছি যে —

রাইসু: তারা হয়তো সত্যি কথা বলে নাই। লজ্জায় স্যার?

হুমায়ুন: ৩ সন্তানের মাতা এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত যদি লজ্জায় নববধূর মতো হয় তাহলে তো চলবে না। তারা আমাকে সত্যিই বলেছে।

রাইসু: না স্যার, তারা হয়তো আপনাকে পরপুরুষ ভেবে বলে নাই সবকিছু?

হুমায়ুন: না, তারা পরপুরুষের কাছেই বেশি বলতে আগ্রহী।

রাইসু: সেক্ষেত্রে, এটি কি স্যার নারীবাদী গ্রন্থ, আপনার নারী।

হুমায়ুন: তুমি দেখছি বিশেষ লেখাপড়া করো নি! এটা পড়লেই বুঝতে পারবে–

রাইসু: এটা পড়তে আমি পারি নাই স্যার। পড়ার সৌভাগ্য হয় নাই আমার।

হুমায়ুন: এটি কোন বাদী গ্রন্থ তোমারই জানা উচিত। সাক্ষাৎকার গ্রহণকারীর সমস্ত সংবাদ আগেই রাখা দরকার।

রাইসু: সব জিনিস যদি আগেই জেনে আসে তাহলে সে জানতে চাইবে কী, স্যার?

হুমায়ুন: প্রশ্ন করবে, অনেক বিষয়ে তার হয়তো দ্বিমত থাকতে পারে।

রাইসু: না স্যার, দ্বিমত প্রতিপন্ন করা বোধহয় সাক্ষাৎকার গ্রহণকারীর কাজ না। সাক্ষাৎকারকারী সবই জানবে স্যার নতুনভাবে। আমি বলতে চাচ্ছি, আপনার বই নারীবাদী যে প্রচলিত আন্দোলনগুলো চলছে, এসবের কোনো সমালোচনা করে কিনা, তার নিজস্ব অবস্থান থেকে?
—————————————————————–
মৌলবাদ ধর্ম নয়। এটা হচ্ছে রাজনীতি। মৌলবাদীরা যদি ক্ষমতা দখল করতে পারে তাহলে আর অন্যদের কখনো ক্ষমতা দেবে না। ইরানে যেমন দখল করেছে এবং অন্যদের ক্ষমতা পাওয়ার কোনো উপায় নেই।
—————————————————————–
হুমায়ুন: এখন এই বই সম্পর্কে ধারণা অনেকেই মোটামুটি রাখেন। যে, এটি যে বাংলা ভাষায়, প্রথম, পূর্ণাঙ্গ, নারী বিষয়ক, নারীবাদী গ্রন্থ। নারী সম্পর্কে বই আগেই লেখা হয়েছে। কিন্তু সেটা হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ‘ইসলামে নারীর অবস্থান’ — ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। বা আমাদের প্রথাগত সামাজিক দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে যে, প্রথাগতভাবে আমরা নারীকে যেভাবে দেখে আসছি, সেভাবেই থাকবে। নারী কতোটা পর্দা করবে, নারী কী করে তার সন্তানদের লালনপালন করবে, স্বামীর সেবা করবে — এ ধরনের বই আগেও লেখা হয়েছে। কিন্তু এই প্রথম একটি পূর্ণাঙ্গ বই লেখা হলো, যে, ‘নারী কী’?

রাজু: এবং কেন — ?

হুমায়ুন: হাঃ হাঃ। এবং নারী কি তথাকথিত জন্মসূত্রে নারী, না এই সমাজব্যবস্থাই তাকে ক্রমশ নারী করে তোলে। এবং এ-বইটি তো আয়তনে খুবই বড়। নারীবাদী তত্ত্বের সঙ্গে কিন্তু আমাদের এখানে যারা নারীর উন্নতি সম্পর্কে কিছু কাজ করছিলেন বা বিভিন্ন সংস্থা স্থাপন করেছিলেন তারা পরিচিত ছিলেন না। যে-কোনো কিছুকে ব্যাখ্যা করতে হলে একটি তাত্ত্বিক কাঠামো দরকার হয়, সে তাত্ত্বিক কাঠামো এখানে কখনোই ছিলো না। যেমন এর আগে, এমনকি পাকিস্তান-কালেও, পাকিস্তান সরকারও নারীদের কল্যাণের জন্য কয়েকটি প্রতিষ্ঠান, যেমন আপওয়া ছিলো — আপওয়া হচ্ছে অল পাকিস্তান উইমেন্স এসোসিয়েশন — তাদের কাজ ছিলো আমলা এবং মন্ত্রী এবং কিছু ব্যবসায়ীর স্ত্রীরা একটি সংঘে মিলিত হতো। তারা মাসে একবার বা দু’বার পার্টি করতো। বা কোনো মন্ত্রী এলে তাকে সংবর্ধনা জানাতো। বা এসডিও’র স্ত্রী গিয়ে প্রতিদিন ফিতা কাটতো। এই সমস্ত কাণ্ড —

রাইসু: নারীবাদী কাণ্ড!

হুমায়ুন: বলা যাক, প্রাক-নারীবাদী কাণ্ড হয়েছে। কিন্তু এখানে আমরা একটা তাত্ত্বিক কাঠামো যে, নারী কী, নারীর অবস্থান কোথায়, এবং কি এ অবস্থানের মধ্যেই থাকবে…? এবং এ-ব্যাপারটি —

রাইসু: একজন পুরুষই তাহলে প্রথম দিলেন এ-ব্যাপারটি?

হুমায়ুন: না, আসলে তত্ত্ব যেটি এর মধ্যে রয়েছে, বলা যাক, বাংলা ভাষায় একজন পুরুষই প্রথম প্রস্তাব করেছে। কিন্তু এই তত্ত্বটি কিন্তু নতুন নয়। নারীবাদের যে তত্ত্বটি আমার এই বইয়ের মধ্যে আমি ব্যবহার করেছি, সেটা মোটামুটি ওলস্টোনক্রাফট, সিমন দ্য বভোয়া এবং কেইট মিলেটের যে তত্ত্ব তার মধ্যে একটা, বলা যাক, সমন্বয় সাধন করে এই সম্পূর্ণ ব্যাপারটা উপস্থাপন করেছি। কেইট মিলেটের তত্ত্বটি আমার বইয়ের মধ্যে কিন্তু একটু প্রবলভাবে রয়েছে। আমি ওর যে তত্ত্বের তীব্রতা এটি খুবই পছন্দ করি। কেইট মিলেটের একটি গ্রন্থ রয়েছে এবং সেটি তার পিএইচডি অভিসন্দর্ভও বটে। এত অ-প্রথাগত অভিসন্দর্ভও আর হয় না। অভিসন্দর্ভে অনেক সম্মান শ্রদ্ধা রেখে লিখতে হয়। তিনি এখানে বড় বড় লেখকদের সহজেই বাতিল করেছেন এবং একটি তত্ত্ব তিনি প্রস্তাব করেছেন যে — যেটাকে বলা হচ্ছে ‘সেকশুয়্যাল পলিটিক্স’: লৈঙ্গিক রাজনীতি। তার কাছে নারী এবং পুরুষের যে-সম্পর্ক, যাকে আমরা কত আধ্যাত্মিক পরিভাষায় চিহ্নিত করে থাকি, তার কাছে এটা আসলেই হচ্ছে একটি লৈঙ্গিক-রাজনীতিক সম্পর্ক। যেমন রাজনীতির কাজ হচ্ছে ক্ষমতা অধিকার করা, বা ক্ষমতা অধিকারে ব্যর্থ হওয়া। যারা ক্ষমতা অধিকার করে তারা যারা ব্যর্থ হয় তাদের উপর শাসন করে থাকে। তাদের কেন, অন্যদের ওপরও শাসন করে থাকে। ক্ষমতা কখনো কখনো সকলের সম্মতির সাহায্যেও অধিকার করা যায়। বা কখনো শক্তিপ্রয়োগে অধিকার করা যায়। আমাদের রাজনীতির ক্ষেত্রে যেমন হয়। ঠিক এখানেও পুরুষ কী করেছে, বলা যাক শক্তিপ্রয়োগের মাধ্যমে এই ক্ষমতা অধিকার করেছে এবং সেটি আজ থেকে প্রায় ৬, ৭, ৮, ১০ হাজার বছর আগে থেকে এই অধিকার অর্জন করেছে। তারপর শক্তিমান পুরুষ দুর্বল পরাভূত নারীর ওপর, বলা যাক, শাসন করেছে। শাসক কিন্তু নিজের মনের আনন্দে অত্যাচার করে না। শাসক তখনই অত্যাচার করে যখন দেখে যে তার আধিপত্য বিঘ্নিত হচ্ছে। যখন দেখে যে তাকে আর মান্য করা হচ্ছে না তখনই সে অত্যাচার করে। নইলে অত্যাচার কিন্তু শখে করে না। মানে, শাসকমাত্রই স্যাডিস্ট না। কিন্তু যখন দেখা যায় যে আমার রাজত্বকে, আমার সিংহাসনকে, আমার রাজদণ্ডকে স্বীকার করা হচ্ছে না —

রাইসু: রাজদণ্ড! আপনি কি স্যার প্রতীকী অর্থে বললেন?

হুমায়ুন: হ্যাঁ, পুরুষ মাত্রই তো রাজা। তার রাজদণ্ড। এবং সভ্যতা তো পুরুষেরই সভ্যতা। এ-সংস্কৃতি পুরুষের সংস্কৃতি। এবং কেইট মিলেট খুবই চমৎকার। কেইট মিলেট দেখাচ্ছে যে নারী-পুরুষের যে স্বাভাবিক মিলন এটিও একটি রাজনীতির অন্তর্ভুক্ত। এবং সিমন দ্য বভোয়া কিন্তু এ-ব্যাপারটি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। যে, নারী এবং পুরুষের যে মিলন, বলা যাক সঙ্গম, সেখানে পুরুষ প্রভুর ভূমিকা পালন করে। সে উপরে থাকে। বিদ্ধ করে। এবং নারী বিদ্ধ হয়, এমনকি একদিকে পরাজিত হওয়ার গ্লানিও বোধ করে থাকে। পরাজয়ই তার নিয়তি যেহেতু সে সেটি মেনে নেয়। কেইট মিলেট আরো তীব্র, আরো তীক্ষ্ণ, আরো আক্রমণাত্মক। সিমন দ্য বভোয়া হচ্ছে খুবই কাব্যিক, আরো বিশ্লেষণাত্মক এবং বোধে পরিপূর্ণ।

রাইসু: আপোষকামী?

হুমায়ুন: আপোষকামী বলবো না। ওই সময়ে তিনি তো — আধুনিক নারীবাদের জননীই তাকে বলবো।

রাইসু: জননী তো স্যার বলা যাবে না, তাহলে আবার নারীবাদ-বিরোধী হয়ে যাবে। জনক বলতে হবে?

হুমায়ুন: না, জনক হলেই নারীবাদ-বিরোধী হবে, সেক্সিস্ট হবে। যে, কেন জনক হতে হবে। আমি যা বলছিলাম, কেইট মিলেট একেবারে যে আমাদের একান্ত অন্তরঙ্গ গোপন মানবিক সম্পর্ক একেও তিনি রাজনৈতিক মানদণ্ডে বিচার করছেন। ফলে যে পরিবার হয়েছে, সমাজ হয়েছে, সংস্থা হয়েছে, রাষ্ট্র হয়েছে, সভ্যতা হয়েছে — সবকিছুই হচ্ছে রাজনৈতিক সম্পর্ক।

রাইসু: কেইট মিলেটের বরাতে আপনি বললেন যে পরিবার, সমাজ, সংস্থা, রাষ্ট্র, সভ্যতা সবকিছুই হচ্ছে রাজনৈতিক সম্পর্ক। তার মানে ক্ষমতার ব্যাপার?

হুমায়ুন: ক্ষমতার ব্যাপার। সবকিছু ক্ষমতার ব্যাপার। ওর আরো একটি চমৎকার অংশ হচ্ছে ওর সাহিত্যতত্ত্ব। সেটাও এই লৈঙ্গিক-রাজনীতির মানদণ্ডে বিচার করা হয়েছে। কেইট মিলেটের সাহিত্য মূল্যায়নও আমার খুব পছন্দ। এই জন্য যে, কেইট মিলেট কোনো গ্রন্থাকারকে ঈশ্বর বা প্রভু বলে মনে করেন না। যেমন আমাদের প্রথাগত সাহিত্য সমালোচনায় লেখক হচ্ছেন প্রভু। তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি যা বলেছেন আমাদের কাজ হচ্ছে সেটারই নানা ভাষ্য তৈরি করা। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন — এখানকার সমালোচকের কাজ হচ্ছে ঐ কবিতার নানারকম চমৎকার-চমৎকার ভাষ্য উপস্থিত করা। এবং দরকার হলে রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়ে কোনো কিছু প্রমাণ করা। কিন্তু কেইট মিলেট লেখকদের সঙ্গে বারবার প্রশ্নে এসেছেন। যে, আপনি যে কথা বলছেন এটা আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। আপনার এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য মনে হচ্ছে না। এটা শুধু মনে হওয়ার ব্যাপার না। যুক্তির সাহায্যে, সামাজিক-রাজনীতিক উদাহরণের সাহায্যে তিনি এগুলো বারবার — মানে কেইট মিলেটের রচনায় তো ডি এইচ লরেন্স এবং আরো তিনজনকে — নরম্যান মিলার এবং জঁ জেনে এঁদেরেকে — একেবারে বিপর্যস্ত করে দেয়া হয়েছে। এদের সে মহিমা আর নেই।

রাইসু: তাহলে ওরা কী করবে এখন স্যার?

হুমায়ুন: ওদের মহিমা, সত্যি, যেমন ডি এইচ লরেন্সের যে মহিমা ছিলো, লেডি চ্যাটার্লিজ লাভার একবার নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ হওয়ার ২০ বৎসর পরে এটি এত শক্তি নিয়ে ফিরে এসেছে এবং মনে করা হয়েছে যে ডি এইচ লরেন্স হচ্ছে লিঙ্গ-ঈশ্বর। বা বলা যায়, লিঙ্গ বললেও বোধহয় স্পষ্ট হয়; কেইট মিলেট তো বলেছে, সে একটি শিশ্নতান্ত্রিক সভ্যতাই স্থাপন করতে চেয়েছে। এবং শিশ্ন-ঈশ্বর। এবং এটাকে তিনি খানখান করে দিয়েছেন। এখন কিন্তু আর ডি এইচ লরেন্সকে অত মহিমামণ্ডিত, অতটা ঐশ্বরিক বলে মনে করা হয় না।

রাইসু: জঁ জেনের কেন বিরুদ্ধে তিনি?

হুমায়ুন: নারীদের তো সে একেবারে ভোগ্যবস্তুরূপে গণ্য করেছে।

রাইসু: তাহলে মানুষের ভোগ্যবস্তুগুলি কী হবে স্যার?

হুমায়ুন: মানুষের ভোগ্যবস্তু তো সারা সৌরজগতেই ছড়িয়ে আছে। পুরুষের ভোগ্যবস্তু নয়, মানুষের কিন্তু। এখন যেমন পুরুষ ভোগ করে। কেন, নারী ভোগ করতে পারবে না কেন? কিন্তু নারীকে দেখা যাচ্ছে সে ভোগ করছে না। তাকে উপভোগ করা হচ্ছে। এই ব্যাপারটাই বদলে দেয়া।

রাজু: আপনি বললেন যে সেক্সের সময় পুরুষের যে আধিপত্যটা প্রকাশ পাচ্ছে এটা তো স্যার প্রাকৃতিকভাবে সে এরকম একটি কাঠামো পেয়ে গেছে, এই কাঠামোর কারণেই তাকে এভাবে যেতে হবে। এর মধ্যে পলিটিক্সটা আপনি কীভাবে ঢোকাবেন?

হুমায়ুন: প্রাকৃতিকভাবে যে পেয়ে গেছে বললে, এই প্রাকৃতিকতার যুক্তিটাই এরা গ্রহণ করে না। কোনো কিছুই প্রাকৃতিক নয়। এগুলো হচ্ছে আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক শিক্ষার ফল। যেমন ধরো, তুমি যদি বাইবেল ওল্ড টেস্টামেন্ট পড়ো, দেখবে, নূহের প্লাবনের একটি কারণ হিসেবে দেখানো হয়েছিলো যে, ওই সময়ের লোকগুলো এত খারাপ হয়েছিলো যে তারা বিপরীত বিহার করতো; বিপরীত বিহার অত্যন্ত খারাপ। পরে ঈশ্বরকে অত বড়ো একটি প্লাবন দিযে এই পাপ ধুয়ে ফেলতে হয়েছে। তুমি যেটা বলছো এটা কিন্তু আধিপত্যের ব্যাপার। এটা হয়তো সুবিধাজনক। এই পজিশনকে বলা হয় ভিনাস অবজার্ভার।

রাজু: বা মিশনারী পজিশন স্যার।

হুমায়ুন: এটা তো খুব বিশ্বজনীন আসন। সুবিধাজনক, এটা সুবিধাজনক। বলা যাক, একই সঙ্গে সুবিধাজনক এবং প্রভুত্বের সিম্বলও বটে। তো বিপরীত বিহারের কথা প্রাচীন কামশাস্ত্রে রয়েছে। ভারতচন্দ্রের একমাত্র কাজ ছিলো ঐগুলো বাৎসায়ন থেকে নিয়ে বিদ্যা এবং সুন্দরের ওপর প্রয়োগ করা। এর মধ্যে কোনো অভিনবত্ব নেই। ফলে বাংলা সাহিত্যের কবি — সেই প্রাচীন সাহিত্য থেকে আজ পর্যন্ত বলা যাক — সবাই পুংগর্বী লেখক, পুংগর্বী কবি। কারণ তারা এটা ধরেই নিয়েছিলেন যে পুরুষই প্রভু, পুরুষই ঈশ্বর। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর একজন পুংগর্বী লেখক। আমি তো একটি দীর্ঘ পরিচ্ছেদে দেখিয়েছি যে রবীন্দ্রনাথে নারীকে নিজের অধীনে রাখার ব্যাপারটি কত প্রবল। যেমন, ঘরে বাইরে উপন্যাসে দেখা যাবে তিনি দেখাচ্ছেন যে, যে-নারী সতী, অর্থাৎ স্বামীর চিতায় নিজেকে দগ্ধ করে — যদিও এই সময় দগ্ধ করা সম্ভব হচ্ছেলো না, কিন্তু মৃত্যুবরণ করেছে — সেই সতী। যে-নারী এটা করে না সে সতী নয়। বা ধরা যাক যে-নারী ঘরের বাইরে যায় — ঘরে এবং বাইরে, পুরুষের স্থান হচ্ছে বাইরে, নারীর স্থান হচ্ছে ঘরে। আর যেই নারী ঘর অতিক্রম করে বাইরে যাবে তখন তা তার জন্য বিপর্যয়কর হয়ে উঠবে। রবীন্দ্রনাথের চিন্তার মধ্যে কোনো মৌলিকত্ব নেই। তিনি এই চিন্তা পেয়েছেন ঊনিশ শতকের ভিক্টোরীয় কয়েকজন লেখক থেকে। এমনকি ফরাসি জা জ্যাক রুশো থেকে শুরু করে ভিক্টোরীয় লেখকদের — যেমন টেনিসন এবং আরো অনেকের, যেটা আমার বইয়ের মধ্যে বিস্তৃত ভাবে ব্যাখ্যা করা আছে — থেকে তিনি এই তত্ত্ব পেয়েছেন। ঐ ভিক্টোরীয় সেপারেট স্পেয়ার — এটি হচ্ছে পৃথক মিলের একটি তত্ত্ব। অর্থাৎ ঘর এবং বাইরে। এমনকি রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা বলে একটি কাব্যনাট্য রয়েছে। যেটির শেষদিকের কয়েকটি পঙ্‌ক্তিকে অনেকদিন থেকেই নারীরা নারীমুক্তির শ্লোগান বলে মনে করছে। যে, আমি নারী, সামান্য রমণী — দেবী করে মাথায় রাখবে সেটি হবে না। আবার পায়ে রাখবে, তা হবে না। যদি সঙ্গে রাখো…ইত্যাদি ইত্যাদি। এটা দীর্ঘকাল ধরে নারীদের একটা মূলমন্ত্রই বলা যাক, বলে গণ্য করা হয়েছে। আমি ব্যাখ্যা করে দেখিয়েছি যে এটি কত অসাড়! এজন্য যে, এই যে চিত্রাঙ্গদা, যে রাজকন্যা হয়ে রাজপুত্রের ভূমিকা পালন করছিলো। যে রাজা হতো, সে শুধুমাত্র অর্জুনের প্রেমে প’ড়ে সমস্ত ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। তারপর সে বলছে, তুমি যদি আমাকে তোমার সঙ্গে রাখো, তুমি যদি তোমার চিন্তার অংশ দাও, তাহলে আমি ধন্য হই। নিজে চিন্তা করবে না, নিজে কাজে এগিয়ে যাবে না। অনেকটা এরকম হবে, স্বামী যদি বিজ্ঞানী হয়, তাহলে সে হয়তো তার টেস্টটিউব এগিয়ে দেবে, স্বামী যদি ডাক্তার হয় সে হয়তো নার্স হবে, স্বামী যদি ঔপন্যাসিক হয়, সে হয়তো পাণ্ডুলিপির কপিয়িস্ট হবে। এ-রকমই একটি অবস্থা!
—————————————————————–
এই যে চিত্রাঙ্গদা…সে বলছে, তুমি যদি আমাকে তোমার সঙ্গে রাখো, তুমি যদি তোমার চিন্তার অংশ দাও, তাহলে আমি ধন্য হই।…স্বামী যদি বিজ্ঞানী হয়, তাহলে সে হয়তো তার টেস্টটিউব এগিয়ে দেবে, স্বামী যদি ডাক্তার হয় সে হয়তো নার্স হবে, স্বামী যদি ঔপন্যাসিক হয়, সে হয়তো পাণ্ডুলিপির কপিয়িস্ট হবে। এ-রকমই একটি অবস্থা!…রবীন্দ্রনাথ…যে মুক্ত হতে পারতো, তাকে সীমাবদ্ধ, বন্দি করে ফেললেন খুব মধুরভাবে।
—————————————————————–
রবীন্দ্রনাথ কী করলেন — একটি নারী, যে মুক্ত হতে পারতো, তাকে সীমাবদ্ধ, বন্দি করে ফেললেন খুব মধুরভাবে। এবং সবাই ভাবলো কী মধুর! এবং এই চিত্রাঙ্গদা অবশ্যই মৌলিক নয় কিন্তু। এটি টেনিসনের প্রিন্সেস কাব্যের যে আর্টিয়া, প্রিন্সেস-এর আর্টিয়াটি রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদার মধ্যে নিয়ে এসেছেন। যদিও আমাদের বাংলা সমালোচকেরা কখনোই এ-সংবাদ রাখে না। প্রিন্সেস-এ একটি নারী, রাজকন্যা — যে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিলো এবং আর বিয়ে করবে না — দেখা গেলো তাকে নানা চক্রান্তের মধ্য দিয়ে ক্রমশ ক্রমশ ক্রমশ…সে ভেবেছিলো একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে…দেখা গেলো শেষে, ওটি বিশ্ববিদ্যালয় না হয়ে একটি হাসপাতালে পরিণত হলো এবং ঐ প্রিন্সেস একটি নার্সে পরিণত হলো! নারীর পক্ষে মুক্তি সম্ভব নয়। এবং রবীন্দ্রনাথ অবিকল সেই কাজ করেছেন।

রাজু: রবীন্দ্রনাথ তো দেখা যাচ্ছে খুবই নারীবাদ-বিরোধী লোক!

হুমায়ুন: এটির তো আমার বইয়ে প্রায় ৭০ পাতা ধরে আলোচনা আছে। নারীবাদ-বিরোধী বললে বেশি বলা হচ্ছে। বলছি নারী প্রথাগতভাবে যেখানে ছিলো এটাকে তিনি শ্বাশত ও প্রাকৃতিক বলে মনে করেছেন। ঈশ্বরের বিধান বলে মনে করেছেন।

রাইসু: তাহলে তো রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে হয়!

হুমায়ুন: না, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ…আমি তো কোনোকিছুই নিষিদ্ধ করার পক্ষপাতি না।

রাজু: আপনি যে নারীবাদের প্র্যাকটিশটা এখানে করলেন, আপনি ছাড়া কাদের কাজ আপনার কাছে পছন্দ বা অপছন্দের মনে হচ্ছে?

হুমায়ুন: এখানে দু’ধরনের কাজ হচ্ছে। একটি হচ্ছে আমি একটি বই লিখেছি। নারীর অবস্থা সম্পর্কে একটি বই। আমি তো একজন কর্মী নই। আমি আন্দোলনকারী নই। আমি কোনো সংস্থা স্থাপন করি নি। এটা হচ্ছে বই লেখা — চেতনাকে জাগিয়ে তোলা। বহু সংস্থা রয়েছে আমি জানি। যে-সংস্থাগুলো নারীর বিভিন্ন রকমের কল্যাণ করতে চাচ্ছে। এনজিওর অর্থে অনেকগুলো সংস্থা চলছে। বা সরকারেরও সমর্থন পাচ্ছে। বা সামাজিক সমর্থন পাচ্ছে। ঐ সংস্থাগুলো পেশাগত। ঐগুলো ঠিক নারীবাদী সংস্থা এরকম বলা যাবে না। ওরা নারীর প্রথাগতভাবে যে মঙ্গল, সেটি চাচ্ছে। যেমন ধরো, দুয়েকটা সংস্থা, যেগুলো সরকারি, আমি ওদের নাম দিয়েছি ‘স্ত্রী-বাদী’। নারীবাদী না। ওরা মনে করে যে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, স্ত্রীকে পীড়ন করবে না। বেশ শাড়ি গয়না কিনে দেবে। আরেকটা বিয়ে করবে না। করলেও তালাক দেবে না। স্ত্রী যাতে সংসারে একটু ভালো থাকে সেই ব্যবস্থা করা। কিন্তু স্ত্রী যে একজন মুক্ত মানুষ হবে, নিজে উপার্জন করবে, স্বাধীন হবে এবং স্বামীর উপর নির্ভরশীল হবে না এই কথা কিন্তু তাদের নয়। এগুলো হচ্ছে প্রথাগত সংস্থা। যেমন নারী বইটি যখন প্রথম বেরিয়েছিলো নোরাড-এর একজন উচ্চপদস্থ মহিলা আমাকে ফোন করেন। নোরাড নরওয়েজীয় একটি সংস্থা, যারা এই দেশে বিপুল পরিমাণ টাকা — কয়েকশো কোটি টাকা — সম্ভবত দিয়েছে এই বিভিন্ন এনজিওকে। এবং নারীগবেষণা ক্ষেত্রেও বোধহয় তারা এ-পর্যন্ত আমি জানি না ঠিক কত — অন্তত ৫০ কোটি বা তারও বেশি টাকা — ব্যয় করেছে। তো আমাকে ফোন করে বললেন যে, আমরা তো নারীর অবস্থা সম্পর্কে বিপুল পরিমাণ গবেষণা করাচ্ছি। এই বই যে আছে তা তো আমরা জানি না। ও বলছে যে, আমি অবাক হলাম আপনি এই ভাবে একটি বই লিখলেন আমরা জানিও না। আমাদের সঙ্গে যোগাযোগ করলে তো আমরা আপনাকে একটা বড় রকমের ফান্ডের ব্যবস্থা করতে পারতাম।

আমি তো ঐ প্রথাগত এনজিও গবেষক নই। আমি একটি মৌলিক বই লিখেছি। বই লেখাটাই আমার কাজ। চিন্তাকে জাগিয়ে দেয়া আমার কাজ। আমি তো টাকা-পয়সার কথা কখনো ভাবি নি। তো তিনি বললেন যে, এই ব্যাপারটা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। যদিও আমরা বিভিন্ন নারী সংস্থাকে বিপুল পরিমাণ টাকা দিচ্ছি গবেষণা করার জন্য। মঙ্গল করার জন্য।

রাইসু: স্যার, আপনি তো একাই একটা নারীসংস্থা?

হুমায়ুন: না, আমি নিজেকে সংস্থা, প্রতিষ্ঠান ইত্যাদি বলে মনে করি না। এগুলো অত্যন্ত বাজে ব্যাপার। সংস্থা, প্রতিষ্ঠান ঐগুলো দুর্গ।

রাইসু: আপনি নিজে একটা প্রতিষ্ঠানে আছেন স্যার? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটিতে?

হুমায়ুন: আমি জীবিকার জন্য একজন কর্মী।

রাইসু: স্বেচ্ছায় না স্যার? মানে অন্য জীবিকা থাকলে আপনি বিশ্ববিদ্যালয়ে আসতেন না?

হুমায়ুন: এখন যে অবস্থা, লিখেই যদি আমার জীবিকা নির্বাহ হতো তাহলে আমি আসলে চাকরি করতাম না।

রাইসু: কোনটা ভালো লাগে আপনার কাছে — নোরাড-এর টাকা নেয়া, না বিশ্ববিদ্যালয়ের টাকাটা?

হুমায়ুন: বিশ্ববিদ্যালয়ের টাকা এই ভাবে নিচ্ছি বলা যায়: আমি এখানে কাজ করি বেতন পাই। নোরাড-এর টাকাটা নেয়া আমার কাছে মনে হতো যে নিতান্ত টাকাটা আমি মেরে দিলাম।

রাইসু: বিশ্ববিদ্যালয়ে সেটা মনে হয় না? যদিও বেতন কম দেয় আপনাদের?

হুমায়ুন: আমি তো বাংলাদেশী সরকারী কর্মকর্তাদের যে সর্বোচ্চ বেতন সেটাই পাই। কয়েক বছর ধরে আমি সর্বোচ্চ বেতনভুক্ত কর্ম —

রাইসু: কর্ম চারী?

হুমায়ুন: কর্ম কর্তা কিংবা চারী।

রাইসু: কিন্তু এই টাকাই কি যথেষ্ট আপনার জন্য?

হুমায়ুন: এই টাকা তো অত্যন্ত কম! আমার জন্যই না, সবার জন্যই অত্যন্ত কম!

রাইসু: তার মানে আমরা সবাই কম পাচ্ছি টাকা, প্রয়োজনের তুলনায়?

হুমায়ুন: সেটা তো আমি ৫ বছর আগেই প্রবন্ধ লিখেছিলাম। যে, ৫০,০০০ টাকা বেতন চাই।

রাইসু: তারপর কী বললো দেনেওয়ালারা?

হুমায়ুন: না, এতে তো দেনেওয়ালা বলে কিছু নেই। এটা তো আমার প্রবন্ধ। আমি ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম যে, আমরা যে-কাজ করি বা করা উচিৎ তার জন্য আমরা অন্তত ৫০,০০০ টাকা বেতন প্রাপ্য। আর অন্যদেরও সেই হাড়ে বেতন বাড়ানো — এই জন্য যে, বাঙালী সারা মাস কাজ করে ৫ দিনের বেতন পায়। ৫ দিনের বেতন পায় বলে সে সারা মাস কাজ করে না। তো, আমরা যে ঘরে-ঘরে গিয়ে দেখি কাউকে পাওয়া যাচ্ছে না, কেউ কাজ করছে না তার কারণ হচ্ছে যে বেতনটা হলো ৫ দিনের। এই ৫ দিনে যদি সে ধারাবাহিক কাজ করে ফেলতো তাহলে তো কাজ শেষ হয়ে যেতো!

রাজু: কিন্তু স্যার আরেকটা জিনিস তো করে ওরা, সেটা হলো ঐ ৫ দিনের বেতন পেলেও ওরা তো আবার ২/৩ মাসের বেতন নিয়ে নেয়!

হুমায়ুন: মুশকিল। আর অন্য একটি ব্যাপার, যেহেতু একটি দরিদ্র সমাজ, তারপরে সরকার এই বেতনের ব্যাপারটা সম্পর্কে অত্যন্ত কৃপণ — অত্যন্ত কৃপণ বলাই ভালো। সেই জন্যে যার যেইখানে টাকা অবৈধভাবে উপার্জন করার সুযোগ রয়েছে তারা সেটাতে শক্তি সম্পূর্ণরূপে প্রয়োগ করছে। এখানে, যেমন মিটার রিডার, সে হয়তো এক মাসে তার ২ বছরের বেতন আয় করছে। এখানে উচ্চকর্মকর্তা, আমদানি রফতানি, কাস্টমস — যে কোনো পেশার কর্মকর্তা — তারা কোটি কোটি টাকা উপার্জন করছে। সেটি অবৈধভাবে, কিন্তু বৈধভাবে এখানে কেউ নিজের জীবন ঠিকমতো চালানো যায় এমন বেতন পাচ্ছে না। যেমন ধরা যাক যে-কোনো সচিবের কথা — সচিব আর আমার বেতন সমান। কিন্তু সচিবের জীবন এবং আমার জীবনের মধ্যে আর্থিক পার্থক্য বিশাল।

রাজু: আপনার জীবন তো অনেক মহৎ জীবন। সচিবের কি ঐভাবে মহৎ?

হুমায়ুন: আহা, মহৎ জীবন তো…আমি তো মহত্ত্ব-মজিবর। কিন্তু আর্থিক অবন্থা আলোচনা হচ্ছে। এখানে আলোচনা হচ্ছে আর্থিক অবস্থা।

রাজু: তবে কি অর্থ ছাড়া মহত্ত্ব হয় না?

হুমায়ুন: মহত্ত্বের কথা বললে তো সচিবের কথা আসেই না!

রাইসু: সচিবকে কিছু একটা দেবেন না স্যার? মহত্ত্ব যদি না দেন তাহলে তো অর্থ দিতে হয়?

হুমায়ুন: সেটা অবশ্য বলবো। যেমন আমি মাঝে-মাঝেই বলি, যে, ওর অনেক কিছু পাওয়া উচিত। নইলে ও বাঁচবে কী করে?

রাজু: এই অনেক কিছু কী কী?

হুমায়ুন: আচ্ছা ধরো নিম্নমানের কবি, তার ১৫টি পুরস্কার পাওয়া উচিত। কবিতা কিছুই হয় নি; কাজেই ওকে তো পুরষ্কার দিতে হবে। মনে করা যাক, একটি সচিব। ও তো নেই। ও তো নেই-ই। এই জন্য ওর গুলশানে একটি, বনানীতে একটি, বারিধারায় একটি বাড়ি থাকা উচিত।

রাইসু: ‘নেই’ মানে স্যার?

হুমায়ুন: ‘ও নেই’ মানে তার চাকরি চলে গেলেই সে আর কেউ নয়। এবং মৃত্যুর পর তো আর কেউ-ই নয়। যদিও কবরে সে সোনা দিয়ে বাঁধিয়ে রাখে যে, ‘প্রাক্তন সচিব’। কাজেই আমি মনে করি, ক্ষুদ্র মানুষ যারা তাদের অনেক কিছু পাওয়া উচিত। আমার ব্যক্তিগত চমৎকার অনুভূতি হয়। যেমন আমার, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যারা ছাত্র হিসেবে খুব সাধারণ ছিলেন। তাদের যখন দেখি কোটি টাকা হয়েছে, আমি অত্যন্ত আনন্দ বোধ করি। আনন্দ বোধ করি, যে, আমার একটি বন্ধু, যে ছাত্র হিসেবে সাধারণ ছিলো, তার কোটি টাকা হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার। আমি মনে করি আমি চাইলে এর চেয়ে বেশি করতে পারতাম। টাকার ব্যাপারে। আমার সাধারণ বন্ধুদের প্রচুর অর্থ — আমি এটা আনন্দের সঙ্গেই গ্রহণ করি।

রাইসু: স্যার আপনি যে নিজেকে মহৎ বললেন — এটা কীসের প্রেক্ষিতে বললেন?

হুমায়ুন: আমি নিজেকে মহৎ বলি নি।

রাজু: মহত্ত্ব-মজিবর বলেছেন স্যার।

হুমায়ুন: সেটি হচ্ছে তুমি সচিবের প্রসঙ্গে যেহেতু মহত্ত্ব নিয়ে এসেছো কাজেই —

রাইসু: তাহলে আপনি মহৎ না?

হুমায়ুন: সেগুলো পরে স্থির করা হবে।

রাইসু: একজন শিক্ষক যদি ছাত্র পড়ায় তার মাধ্যমে সে কোনো মহৎ কাজ করে কিনা?

হুমায়ুন: ছাত্র পড়ানো, আচ্ছা বলা যাক, বিভিন্ন পেশার কথাই ধরো যে, একজন লোক জুতো সেলাই করে। ওটি তার পেশা, জীবিকা অর্জনের পদ্ধতি। একজন লোক ছাত্র পড়ায়, এটা তার জীবিকা অর্জনের পদ্ধতি। এখন জুতো সেলাই করাটা মহৎ কাজ নয়, জ্ঞান দান করাটা মহৎ কাজ — এটা আমাদের সমাজ মনে করে থাকে। যেগুলোকে আমরা মূল্যবোধ বলে থাকি। যে এই কাজটি উচ্চমানের। যেমন ধরা যাক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আমি অনেক বেশি শ্রদ্ধা করি একজন মন্ত্রী থেকে। কেননা আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার কাজকে শ্রদ্ধার চোখে দেখি। মন্ত্রীত্বকে শ্রদ্ধার চোখে দেখি না।

রাইসু: কেন স্যার, মন্ত্রীরা তো অনেক বড় বড় কাজ করেন?

হুমায়ুন: মন্ত্রীরা কোনো বড় কাজই করে না, ওগুলো কিছুই না। আমার তো প্রবচন একটা ছিলো এরকম যে: “বাসায় একটি মাস্তান থাকা খুবই প্রয়োজন। তাহলে পরিবারের পিতা রাস্তায় গেলে বেশি করে সালাম পায়, পরিবারের কন্যাটিকে রাস্তার মাস্তানরা বেশি জ্বালাতন করে না, এবং বাসায় একটি মন্ত্রী থাকার সম্ভাবনা থাকে।”

রাইসু: আপনার কোন ফ্যাকাল্টির কারণে প্রবচনগুলি তৈরি হলো স্যার। মানে কোন কাজগুলি করতে না পারার কারণে আপনার প্রবচন?

হুমায়ুন: না পারার জন্য তো এগুলো হয় না। বরং পারার জন্যই এটি হয়েছে। প্রবচনের ব্যাপারটি হচ্ছে, কোনো একটি সত্যকে বা উপলব্ধিকে খুব সংহত, তীক্ষ্ণ বাক্যবিন্যাসের সাহায্যে প্রকাশ করা। যেটি বাংলা ভাষায় সাধারণত হয়। ফরাসী ভাষায় এটি হয়েছে। ফরাসীরাই সবচেয়ে বেশি সচেতনভাবে প্রবচন লিখেছে।

রাইসু: রুশফুকো?

হুমায়ুন: হ্যাঁ, রুশফুকো। এবং আরো অনেকেই লিখেছেন। রুশফুকোরটা বিখ্যাত। আর ইংরেজি ভাষায় সচেতনভাবে হয় নি। তবে পৃথিবীর সমস্ত ভাষায়ই কমবেশি প্রবচন রয়েছে বিভিন্ন গ্রন্থে। বাংলায় প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন লেখকের বেশকিছু উক্তিকে আমি প্রবচন বলে মনে করি। যেমন ধরা যাক ভারতচন্দ্র রায়ের “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়”। নগরে যদি আগুন লাগে তাহলে দেবালয়ও রক্ষা পায় না। ওটিও ধ্বংস হয়। এরকম তার কিছু স্মরণীয় উক্তি রয়েছে। আমি প্রবচন লিখলাম অনেকটা মজা করার জন্য। আমার কতগুলো সত্য উপলব্ধি যেগুলো নিয়ে আমি দীর্ঘ রচনা কখনোই লিখতে যাবো না সেগুলোকে সংহতভাবে প্রকাশ করার জন্য। প্রবচনের আরেকটি সুবিধা হচ্ছে বিভিন্ন বিষয়ক উপলব্ধি খুব সংহতভাবে প্রকাশ করা যায়। সেখানে সমাজ, রাষ্ট্র, সভ্যতা, সাহিত্য, ধর্ম, রাজনীতি সবকিছু নিয়ে খুব সংহত ও তীক্ষ্ণভাবে নিজের মন্তব্য প্রকাশ করা যায়।

রাইসু: আমাদের লেখকসমাজ নিয়ে কোনো প্রশ্ন কি জিগ্যেশ করতে পারি?

হুমায়ুন: এখন সাম্প্রতিক ব্যাপারেই সবচেয়ে ভালো হবে।

রাইসু: আমাদের রাজনীতি নিয়ে বলেন তাহলে।

হুমায়ুন: আমাদের এখনকার রাজনৈতিক টানা-হ্যাচরা। এই যে নির্বাচন সামনে। এই যে সংসদ থেকে বেরিয়ে গেলো। একদল বলছে এটা বৈধ না। আরেকদল বলছে বৈধ।

রাইসু: বা, এরশাদের যে জণ্ডিস হয়ে গেলো! পাঁচ বছর জেলে থাকতে থাকতে। নয় বছর শাসন, পাঁচ বছর জেল। এই চৌদ্দ বছরের যে এরশাদীয় কর্মকাণ্ড। আপনার কি জানা আছে স্যার?

হুমায়ুন: এরশাদ সম্পর্কে ভাবলে আমার বেশ কৌতুক লাগে। তাকে আমার এখন মনে হয়, পৃথিবীর সবচেয়ে নির্বোধ একনায়ক। পৃথিবীতে যুগে যুগে কত বড়, ছোট, পাতি একনায়ক এসেছে। কেউ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেউ বেশ ভালোই থেকেছে। এরশাদ ইচ্ছে করলে বিদেশে চলে যেতে পারতো, ভালো থাকতে পারতো। আমার মজা লাগে যে, এই লোকটি শেষ মুহূর্তে গণতন্ত্রের নামে নিজেকে সমর্পণ করে খুব ঝামেলায় পড়ে গেছে। সে বিদেশে গিয়ে মেরী বা নতুন কোনো মেরীকে নিয়ে ভালোই থাকতে পারতো।

রাইসু: ভদ্রতা করতে গিয়ে গণ্ডগোল করে ফেললেন?

হুমায়ুন: ভদ্রতা না, এ মুহূর্তে বলা যাক, গণতন্ত্রের দীক্ষা নিয়েই গোলমালে পড়ে গেলো। এবং মজা হচ্ছে এই যে, এরশাদের সঙ্গীরা এখন গণতন্ত্রের মিছিলকারী। তার কাছে যারা জুতোর মতো ছিলো সেই জুতোর মতো লোকেরা সংসদে রয়েছে, মিছিল করছে, পত্রিকায় ছবি ছাপা হচ্ছে। আর এ-মুহূর্তে সে জেলখানায় পঁচছে, জণ্ডিসে নষ্ট হচ্ছে, সম্ভবত বেশিদিন টিকবে না।

রাইসু: এটা বললেন স্যার?

হুমায়ুন: হ্যাঁ, আমি যে-জণ্ডিসের কথা শুনলাম সেটা খুব মারাত্মক জণ্ডিস নাকি।

রাজু: আপনি কি এরশাদের সময় খুব খারাপ অবস্থায় ছিলেন?

হুমায়ুন: আমি তো এরশাদের বিরুদ্ধে প্রচুর লিখেছি। আমার ৫টি বই রয়েছে এরশাদের কালের বাংলাদেশ সম্পর্কে।

রাইসু: তাহলে তো আপনাকে ক্রিয়েটিভ বানিয়ে ফেলেছেন এরশাদ!

হুমায়ুন: না, বলা যাক, আমার সৃষ্টিশীলতা অনেকটা দমিয়ে দিয়েছিলো। কারণ আমাকে তীক্ষ্ণ রাজনীতিক-সামাজিক প্রবন্ধ লিখতে হয়েছে। এবং আমি নানা সময়ে নানাভাবে হুমকির সম্মুখীন হয়েছি। তবে পরিস্থিতি যে এখনকার থেকে খারাপ ছিলো এমন নয়।

রাইসু: একইরকম?

হুমায়ুন: একইরকম। পরিস্থিতি তো আমার কাছে একইরকম মনে হয়।

রাইসু: কেন স্যার! এখন তো আমরা একটা ‘গণতান্ত্রিক’ যুগে বাস করছি?

রাজু: নাকি স্যার গণতান্ত্রিক হুযুগে? কোনটা?

হুমায়ুন: আমরা এখন গণতান্ত্রিক হুযুগের যুগে বাস করছি। এরশাদের পর্বের পর এই পর্বে একটি নির্বাচন হয়েছে। এবং নির্বাচিত একটি সরকার এসেছে। সংসদে এই সরকারি দল, বিরোধী দল গেছে। কিন্তু তারা দুই দল মিলে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য উঠে-পড়ে লেগেছে। কোনোরকম গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হয় নি। গণতন্ত্রের জন্য যেসব শুভ কাজগুলি করা উচিৎ ছিলো কোনো কিছুই করা হয়নি, সম্পূর্ণ নষ্ট করে দেয়া হয়েছে। আমরা দেখতে পাই, এরশাদের যে ‘জাতীয় পার্টি’ স্বৈরাচারী দল বলে গণ্য হতো তারা এখন গণতন্ত্রের প্রহরী হয়ে উঠেছে। জামাত, যে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে ঐ রাজাকাররা এখন গণতন্ত্রের প্রহরী হয়ে উঠেছে। এটা আমাদের জন্য অত্যন্ত সংকটজনক। আমরা যে এখন একটি, বলা যাক, রাজনৈতিক সংকটের মধ্যে আছি সেটি হচ্ছে ক্ষমতার সংকট। কিন্তু তার চেয়ে গভীর সংকট হচ্ছে আমরা আমাদের সমাজ এবং রাজনীতিকে নষ্ট করে ফেলছি। গণতন্ত্রের নামে। গণতন্ত্রের নামে আমরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলছি। রাজনীতিকরা, বলা ভালো, কেউই ঠিক গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন নন।

রাজু: তাহলে এরা কী ধরনের লোক? কী হিসেবে চিহ্নিত করবেন?

হুমায়ুন: এরা সবই হচ্ছে সামন্ত মানসিকতাসম্পন্ন মানুষ। তারা প্রভু হতে চায়, প্রভু হয়ে অসীম শক্তি ভোগ করতে চায়। এবং শক্তির সঙ্গে প্রচুর টাকার দরকার। এবং তারা রোজগার করে ফেলেছে। এখন যারা বিরোধী দলে রয়েছে, তারা ৫ বছর ধরে ক্ষমতা প্রয়োগ করতে পারে নি। তাদের ক্ষমতা প্রয়োগ করা দরকার। তাদেরও প্রচুর টাকা-পয়সা দরকার।

রাইসু: আপনার নারী নিষিদ্ধ হওয়ার পর ইত্তেফাক-এ আল মাহমুদ বললেন যে, আপনার লেখার বক্তব্য ও মনোভাব নাকি কুৎসিত। এবং আপনার বইয়ের মাধ্যমে ক্ষতি যা করার তা নাকি করা হয়েছে। এখন আড়াই বছর পরে এই বই বাজেয়াপ্ত করা অর্থহীন। আপনার সতীর্থ আল মাহমুদ, তিনি এ-রকম বললেন!

হুমায়ুন: আল মাহমুদ, একটি অমার্জিত রুচিসম্পন্ন, অসৎ, কপট মানুষ। এই আল মাহমুদ অনেক আগে পাড়ার মসজিদ ভেঙে পড়ার শব্দ শুনে আনন্দিত হয়ে কবিতা লিখেছে। যে, ‘হুড়মুড় করে ভেঙে পড়ে পাড়ার মসজিদ’। সে জায়নামাজে বসে পরস্ত্রী সঙ্গমের স্বপ্ন দেখে। তার কবিতার মধ্যে রয়েছে। যে একসময় কৃষকেরা এসে সচিবালয় দখল করে ফেলবে এবং দেশে কৃষকের সমাজ প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন দেখেছে। এখন সে একটি রুচিহীন, অসৎ, কপট, জামাতী মৌলবাদী। এবং তার মধ্যে একটি মজার কপটতা হচ্ছে সে যখন বাংলাদেশের পত্রিকায় কবিতা লেখে তখন সে ইসলামের কবিতা লেখে। আর যখন ভারতীয় পত্রিকায় কবিতা লেখে তখন হিন্দু আর বৌদ্ধের কবিতা লেখে। আমি কয়েকদিন আগে তার একটি কবিতা দেখেছি যেখানে সে নিজেকে গৌতম বুদ্ধ হিসেবে দেখেছে। যে, সে যেন পূর্বজন্মে গৌতম বুদ্ধ ছিলো। এইটি একটি অত্যন্ত কপট লোক, এবং সুবিধাবাদী। সে জামাতের অর্থেই এখন পালিত বলে আমি শুনেছি। তার কথায় কিছু আসে যায় না। তার কবিতা সেই ষাটের দশকেই শেষ হয়ে গেছে।

রাজু: তিনি কবে থেকে শুরু করেছেন?

হুমায়ুন: পঞ্চাশের দশকে শুরু করেছিলো, ষাটের দশকে কয়েকটি বই বেরিয়েছিলো। সত্তর আশি এরপর যে সমস্ত কবিতা লিখেছে এগুলো কিছু না।

রাইসু: এগুলো তার ঐ মন্তব্যের কারণে বলছেন স্যার?

হুমায়ুন: তার সম্পর্কে যে দু’চারটি মন্তব্য আমার কয়েকটি প্রবন্ধে করেছি তা-ও একই। ও, আরও একটি কারণ হতে পারে। সে আমার ওপর ক্ষিপ্ত নানা কারণে। একটি কারণ সম্ভবত, ওর একটি খুবই আত্মগর্বী কবিতা ছিলো যে, ‘আমার মাকে যেন কেউ গোলামের গর্ভধারিণী বলতে না পারে’। ঐ কবিতাটিকে আমি ভিন্নভাবে ব্যাখ্যা করে একটি কবিতা লিখেছিলাম। নাম ‘গোলামের গর্ভধারিণী’। আমি দেখিয়েছিলাম যে, আপনার এই পুত্রটি যদি, হে জননী, এই তিতাসের পাড় ছেড়ে ঢাকায় না আসতো তা হলেই ভালো হতো। আপনার ছেলেটি হয়তো মাছ ধরতো তিতাসে। বা রাখালের কাজ করতো। ভালো থাকতো। এই ঢাকায় মোগলদের শহরে এসে সে যে নষ্ট হয়ে গেছে। সব প্রভুকে সেজদা করতে করতে এখন তার পিঠে একটি বড় রকমের কুজ্ব দেখা দিয়েছে। এখন তার দিকে তাকালে একটি কুজ্বই চোখে পড়ে। আর কিছু চোখে পড়ে না। এখন আপনার যখন মৃত্যু হবে তখন হয়তো দেখবেন যে আপনার কবরের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে এবং শব্দ হচ্ছে যে এখানে একজন গোলামের গর্ভধারিণী ঘুমিয়ে আছে। এবং আল মাহমুদ এখন গোলাম আল মাহমুদের মতো আচরণ করছে।

রাজু: তো এটা স্যার ব্যক্তিমানুষকে আক্রমণ করা হয়ে গেলো না?

হুমায়ুন: আচ্ছা, ব্যক্তি এবং কবিকে আমরা কীভাবে পৃথক করবো? এটা পারি না। এখন বলবো, তিনি কবি হিসেবে এই, আর ব্যক্তি হিসেবে এই — এটা এই সময়ে করা যাবে না। আমরা অবশ্যই দেখবো যে, এই কবিটি ব্যক্তি হিসেবে কেমন ছিলো — সৎ ছিলো না অসৎ ছিলো। এটা আমাদের দেখতে হবে। এর রুচি কেমন ছিলো। আরো বলা ভালো যে, এই আল মাহমুদ এরশাদের সময় এরশাদীয় দলে ছিলো, আবার এখন বোধহয় জামাত এবং অন্যান্য শক্তিমানদের সঙ্গে রয়েছে। সুবিধাবাদী মানুষ।

রাজু: আচ্ছা এটা কি সাহিত্যকে কোনোরকম ক্ষতি করে কিনা?

হুমায়ুন: সুবিধাবাদী মানুষের সাহিত্য আসলে সাহিত্যই নয়। আল মাহমুদের যে কিছু লেখা এখন কবিতা নামে ছাপা হয় ওগুলো কবিতাই নয়। ওগুলো হচ্ছে কতগুলো বাজে কথা। ওর একটি আত্মজীবনী আমি পড়েছি। এবং পড়ে মজা পেয়েছি এই জন্য যে পাতায় পাতায় মিথ্যে কথা রয়েছে।

রাইসু: স্যার, মিথ্যে কথাই তো শিল্প, একঅর্থে?

হুমায়ুন: না, মিথ্যে কথা শিল্প নয়।

রাজু: তবে কি সত্য কথা?

হুমায়ুন: সত্য কথাও যে শিল্প হবে তাও নয়। শিল্প মিথ্যা এবং সত্যর বাইরের ব্যাপার। অন্তত এই সামাজিক সত্য এবং মিথ্যার বাইরের ব্যাপার।

রাজু: তার মানে একটি পরম সত্যের দিকে যেতে চায় সে?

হুমায়ুন: পরম সত্য কাকে বলে আমি ঠিক জানি না। আমরা —

রাইসু: অন্য দিকেই গেলে ভালো — ?

রাজু: আচ্ছা স্যার, এই সরকারের আমলে তো আপনি বোধহয় বাকস্বাধীনতার পঞ্চম শিকার।

হুমায়ুন: শিকার বলা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ আমি মনে করি না যে এই সরকার আমার বই নিষিদ্ধ করে রাখতে পারবে। আমি এই বইকে নিষিদ্ধ বলেই গণ্য করছি না। আর আমার এক বন্ধু খুব মজা করে বলেছে যে, এই সরকার চলে যাচ্ছে, সঙ্গে তোমার বইটিও নিয়ে যাচ্ছে।

রাইসু: স্যার, আপনি নাকি আঁতাত করে বইটি নিষিদ্ধ করিয়েছেন?

হুমায়ুন: তোমাদের মতো ফাজিলদের সঙ্গে কথা বলা সময়ের অপচয়।

রাইসু: তো, এই যে নিষিদ্ধ করলো, এই নিষিদ্ধকরণ সম্পর্কে একটা প্রবচন বলেন।

হুমায়ুন: … “প্রতিটি নিষিদ্ধ গ্রন্থ মানুষকে জানিয়ে দেয় যে বর্বররা এখনও সভ্যতাকে দখল করে আছে।”

রাজু: যে সরকার বই নিষিদ্ধ করতে পারে তাদের কাছে বাকস্বাধীনতা চাওয়ার কোনো ব্যাপারই থাকে না। সেক্ষেত্রে আমাদের জ্ঞানেরও স্বাধীনতা থাকার কথা না। এখন আমরা জ্ঞানচর্চার স্বাধীনতা ভোগ করতে পারি কীভাবে?

হুমায়ুন: বিষয়টি বেশ বড়। প্রথম হচ্ছে যে স্বাধীনতা কেউ কাউকে দেয় না। স্বাধীনতা অর্জন করে নিতে হয়। এমন নয় যে আমাকে সমস্ত স্বাধীনতা লেখায় দিয়ে দেয়া হবে। এবং আমি আনন্দের সঙ্গে লিখতে থাকবো। স্বাধীনতা প্রতিটি লেখক সৃষ্টি করে নেয় নিজের জন্য। অনেক সময় দণ্ডিত হয়, অনেক সময় দণ্ডিত হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাঙালি এবং বাঙালি মুসলমানের অবস্থা এবং জ্ঞানের অবস্থা এবং স্বাধীনতা। আমি মাঝে মাঝে একটু দুঃখই পাই যে এই বাঙালি মুসলমানের বিকাশ নানাভাবে প্রতিহত করা হয়। এবং সারা পৃথিবীতে মুসলমানের বিকাশকেই প্রতিহত করা হয়েছে। এই ধর্মানুভূতির নামে। বাঙালি মুসলমান এইজন্য অনেক পিছিয়ে আছে। তার জ্ঞানের জগৎ অত্যন্ত সীমাবদ্ধ। আমাদের যদি জ্ঞানচর্চার অধিকার দেয়া হতো, তাহলে আমাদের নানা তর্ক-বিতর্কের মধ্যে না গিয়ে আমরা আরো গভীরভাবে জ্ঞানচর্চা করতে পারতাম। মুসলমান সমাজে, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যেই কিন্তু এটা হয়েছে। যে, বড় বড় প্রতিভারা এই সমস্ত সংকটে পড়ে নষ্ট হয়ে গেছে। তর্ক-বিতর্কের মধ্য দিয়েই। বাঙালি মুসলমানদের ইতিহাস হচ্ছে দেখবে এই প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীলদের তর্ক-বিতর্ক এবং দ্বন্দ্বের ইতিহাস। ফলে ঐ দ্বন্দ্ব করতে করতেই, তর্ক করতে করতেই ওদের জীবন শেষ হয়ে গেছে। একটি ভালো বইও আর লেখা যায় নি। আমরা বাঙালি না মুসলমান এই তর্ক করতে করতেই শেষ হয়ে যাচ্ছি। ফলে বাঙালি মুসলমান এখন সব বিষয়ে নিরপেক্ষভাবে চিন্তা করতে পারে না। তাকে চিন্তা করার অধিকারই দেয়া হয় নি। এজন্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞানের সৃষ্টি হয় না। আমাদের বিদ্যালয়ে নতুন জ্ঞানের সৃষ্টি হয় না। এবং আমাদের সমাজে নতুন জ্ঞানের অভাব অত্যন্ত প্রকট। আমাদের রাষ্ট্র সাধারণত যারা চালায় তাদের জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সৃষ্টিশীলতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা ক্ষমতা দখল করে এবং ক্ষমতাকে উপভোগ করে যেতে পারলেই সুখে থাকে। জ্ঞান চুলায় যাক, তাদের কাছে জ্ঞানের কোনো মূল্য নেই। কিন্তু একটি জাতি যদি বিকশিত হতে চায়, তার স্বাধীনতা থাকা দরকার। সমস্ত বিষয়ে প্রশ্ন করা এবং সমস্ত বিষয়ে সিদ্ধান্তে আসা। আমরা নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমি মুসলমানদের ক্ষেত্রেও যে জিনিসটা মাঝে-মাঝে বোধ করি, যেমন ধরো যে মুসলমানদের প্রাচীন ইতিহাস — মুসলমানদের প্রধান প্রধান ব্যক্তি সম্পর্কে আমরা কিন্তু বলা যাক, প্রশ্ন করতে পারি না। তাদের জীবনকে, তাদের কর্মকে, তাদের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারি না। ফলে তাদের সঙ্গে কিন্তু আমাদের আন্তরিক সম্পর্ক হয় না। আমরা একটা ভীতির মধ্যে থাকি। যদি আমরা প্রধান ব্যক্তিগুলোর পুনর্মূল্যায়ন করতে পারতাম, হয়তো আমরা অনেক সীমাবদ্ধতা বের করতে পারতাম কিন্তু সঙ্গে সঙ্গে তাদের আমরা ভালোও বাসতে পারতাম। এখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালোবাসার হয়ে উঠছে না। এটা মুসলমানদের জন্য একটি ক্ষতিকর দিক। এইজন্য একদল মৌলবাদী হয়ে যাচ্ছে। তারা শুধু, বলা যাক, ঐ প্রাচীন যারা আছে তাদের মেনে মেনে একেবারে… তাদের মানাই হচ্ছে মুসলমান। আরেকদল আমাদের মতো হয়ে যাচ্ছে।
—————————————————————–
রবীন্দ্রনাথের প্রতি আমার ভালোবাসার কোনো অভাব নেই। কিন্তু আমি কিছুতেই বিনা প্রশ্নে তার সমস্ত সিদ্ধান্তকে গ্রহণ করবো না।…তেমনি যদি আমাদের এ-অধিকারটুকু থাকতো যে মুসলমানদের সমস্ত ক্রিয়াকলাপকে আমরা পুনর্মূল্যায়ন করতে পারবো তাহলে একটি সুস্থ্য চিন্তাশীল মুসলমান জাতি গঠিত হতে পারতো। এই সংকীর্ণ মুসলমানরা মুসলমানদের বড় শত্রু।
—————————————————————–
যেমন, আমি রবীন্দ্রনাথ সম্পর্কে নানান রকম প্রশ্ন পোষণ করে থাকি। রবীন্দ্রনাথের প্রতি আমার ভালোবাসার কোনো অভাব নেই। কিন্তু আমি কিছুতেই বিনা প্রশ্নে তার সমস্ত সিদ্ধান্তকে গ্রহণ করবো না। তার সব কবিতাকে মহৎ কবিতা বলে গ্রহণ করতে রাজি নই। ঠিক তেমনি যদি আমাদের এ-অধিকারটুকু থাকতো যে মুসলমানদের সমস্ত ক্রিয়াকলাপকে আমরা পুনর্মূল্যায়ন করতে পারবো তাহলে একটি সুস্থ্য চিন্তাশীল মুসলমান জাতি গঠিত হতে পারতো। এই সংকীর্ণ মুসলমানরা মুসলমানদের বড় শত্রু।

ঢাকা, ২৩/১১/১৯৯৫

—-http://arts.bdnews24.com/?p=1469

ফেসবুক লিংক । আর্টস :: Arts

আহমদ ছফার ব্রত_ সলিমুল্লাহ খান


প্রবীণ বয়সী বট
তরুর সমাজে তুমি

অতিকায় জটাধারী
রবীন্দ্র ঠাকুর।
    —আহমদ ছফা, ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’

আমরা যাহারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সশরীরে দেখিবার সৌভাগ্য অর্জন করি নাই তাহাদের কাছে আহমদ ছফা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিকটতম তুলনা। দুঃখের মধ্যে, তিনি নিজেও রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ-দর্শন লাভ করেন নাই। কথাটা বলিলাম বাংলায় ‘দর্শন’ কথাটার দুই অর্থেই। আহমদ ছফা ছিলেন—আমাদের মতে—গরিবের রবীন্দ্রনাথ ঠাকুর।
আহমদ ছফা জন্মিয়াছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর গোটা দুই বছর পর। আর তিনি যখন বড় হইয়া উঠিতেছিলেন তখন পূর্ব বাংলায় পাকিস্তান কায়েম হইয়াছে। শুরু হইয়া গিয়াছে অন্যান্যের মধ্যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যও ‘বাংলাভাষী পাকিস্তানি’দের ঐতিহ্য কি না সেই তর্ক। (আহমদ ২০১৬ : ১৪৯-৫৬)
সকলেই জানেন, ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের একশত বছর পুরা হয়। ঐ বছরের দুয়েক বছর আগে-পরে আহমদ ছফা উচ্চশিক্ষার লক্ষ্যে গ্রাম ছাড়িয়া ঢাকায় আসিয়া পৌঁছিলেন। ১৯৬১ সালের পর পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরও একটি চরিত্র আকারে—নিদেনপক্ষে অনুষঙ্গ হিশাবে—হাজির হইয়াছিলেন। এই আন্দোলনের শক্তিবিয়োগ করিবার মতলবে পাকিস্তানের শাসকশ্রেণি ১৯৬৭ সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার প্রচার সীমিত করিবার উদ্যোগ নতুন করিয়া নিলে পূর্ব বাংলার গণতান্ত্রিক বুদ্ধিজীবীসমাজ সেই উদ্যোগের বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন। সেই প্রতিরোধ আন্দোলনের অঙ্গ আকারেই শুরু হয় প্রতি বছর ঢাকা শহরে ঘটা করিয়া বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) এবং রবীন্দ্রনাথের জন্মদিন (পঁচিশে বৈশাখ) পালন।
এই আন্দোলনের অলিখিত মুখপত্র আকারে আনিসুজ্জামান সম্পাদিত ‘রবীন্দ্রনাথ’ গ্রন্থটি আত্মপ্রকাশ করিয়াছিল। গ্রন্থটি প্রকাশিত হয় বাংলা ১৩৭৫ সালের ( মোতাবেক ১৯৬৮ ইংরেজির) বাইশে শ্রাবণ নাগাদ। ঐ দিনটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এই গ্রন্থের মুখবন্ধযোগে সম্পাদক অকপটে লিখিয়াছেন, এই সংকলন গ্রন্থের প্রস্তাব যাঁহারা প্রথম পেশ করিয়াছিলেন তাঁহাদের মধ্যে আহমদ ছফা। সংকলনের পাঁচ সেরা লেখার একটি নিঃসন্দেহে ছিল আহমদ ছফার নাতিদীর্ঘ রচনা ‘রবীন্দ্রনাথের সংস্কৃতি সাধনা’। (ছফা ২০০৯) মজার বিষয়, তিনি ছিলেন সংকলনের অন্তর্গত লেখকদের মধ্যে বয়সে সকলের ছোট।
আহমদ ছফার গোটা জীবন কাটিয়াছিল এক অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যানেই। তিনি নানান জায়গায় ঠাকুরের বন্দনা নানান ভাষায় করিয়াছেন। এক জায়গায় তিনি লিখিয়াছেন, ‘ভারতবর্ষে গৌতম বুদ্ধের পরে রবীন্দ্রনাথ [ঠাকুর] সত্যিকারের একজন বড় মানুষ। রবীন্দ্রনাথ এবং বুদ্ধের মাঝখানে আমি হজরত খাজা মঈনুদ্দীন চিশতির নাম করতে পারলে খুশি হতাম। কে কিভাবে নেন এই ভয়ে খাজা মঈনুদ্দীনের গুণগ্রাম ব্যাখান করা থেকে বিরত থাকলাম।’ (ছফা ১৯৯৪ : ৬৬)
অন্য এক জায়গায় অন্য স্বরে কথা বলিতে বলিতে তিনি ধর্মসাধনায় শ্রীচৈতন্য আর রাজনীতিতে শেখ মুজিবুর রহমান—মাত্র এই দুইটি নামোচ্চারণের পরপরই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুখে লইয়াছিলেন। ছফা বলিয়াছিলেন, ‘তিনি [রবীন্দ্রনাথ ঠাকুর] বাঙালিকে বিশ্বসমাজে [আর] বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্বের চিন্তাভাবনার জগতে প্রতিষ্ঠিত করেছেন।’ (ছফা ১৯৯৬ : ৮৫) আহমদ ছফার মতে, রবীন্দ্রনাথ ঠাকুর সারাজীবনের সাধনায় বাংলার মত একটি ‘প্রাদেশিক’ ভাষাকে বিশ্বভাষায় উন্নীত করিয়াছিলেন। বাংলা ভাষার ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে দান, আহমদ ছফার ভাষায়, ‘এক কথায় তাকে অন্তহীন বললে খুব বেশি বলা হবে না।’
এখানেই অবশ্য গল্পের শেষ নয়। ১৯৮৬ সালে জার্মানি হইতে প্রচারিত এক বেতার বক্তৃতায় আহমদ ছফা উচ্চারণ করিয়াছিলেন, ‘গ্যেটের সঙ্গে পরিচিত হওয়ার পূর্ব পর্যন্ত রবীন্দ্রনাথ ছিলেন আমার জীবনের মহত্তম মানুষ, জীবনের সমস্ত রকম সমস্যা-সংকটে আমি রবীন্দ্রনাথের রচনা থেকে অনুপ্রেরণা সঞ্চয় করতে চেষ্টা করেছি।’ (ছফা ১৯৯৪ : ৬৫)
প্রসঙ্গক্রমে আহমদ ছফা এক জায়গায় জানাইয়াছিলেন, মহান জার্মান কবি বোলফগাং গ্যেটের ‘ফাউস্ট’নামা কাব্যের সহিত তাঁহার পরিচয় ঘটে ঢাকায়—১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময়। (ছফা ১৯৮৯ : ৬২)
পরবর্তীকালে—১৯৭০ সালে—রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধে ‘ফাউস্ট’-পড়ুয়া আহমদ ছফা লিখিয়াছিলেন, ‘অন্তত এই একটি দিনে সহস্র সমস্যা জর্জরিত পূর্ব বাংলার গণমানুষ অনুভব করতে পারবেন একটি মনুষ্যকণ্ঠের সুর কত ঊর্ধ্বে উঠতে পারে, একটি সৃষ্টিশীল মনের ভাবনা কতদূর গভীরে যেতে পারে, প্রসারিত হয় কতদূর একটি বলবান চিত্তের উদার মৈত্রীচিন্তা।’ (ছফা ২০১৫ : ১২০)
বিশ-বাইশ বছর পর—খুব সম্ভব ১৯৯৩ সালে—একটি দৈনিক পত্রিকাযোগে আহমদ ছফা রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রাখিয়া দুই-চারিটি নতুন প্রশ্ন—নতুন প্রশ্ন না হইলেও নতুনভাবে—উচ্চারণ করিয়াছিলেন। এই নিবন্ধে আমরা আহমদ ছফার সেই সকল প্রশ্নের তাৎপর্য কি জানিতে চাহিব।
১
১৯৯৩ সালের দিকে ‘বাংলাবাজার পত্রিকা’ নামক একটি দৈনিকে আহমদ ছফা ‘আমার কথা’ শিরোনামে একপ্রস্ত কলম লিখিতেন। অন্যান্য লেখার সহিত মিলন দিয়া পরের বছরের ফেব্রুয়ারি নাগাদ তিনি ক্ষুদ্রকায় একটি নিবন্ধসংগ্রহ বাহির করিয়াছিলেন। ঐ সংগ্রহের অন্তর্গত নাতিদীর্ঘ এক গোঁজামিলনের নাম ‘জীবিত থাকলে রবীন্দ্রনাথকেই জিজ্ঞেস করতাম’। আমরা পত্রিকার পাতা মিলাইয়া দেখিতে সমর্থ হই নাই। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে ‘আনুপূর্বিক তসলিমা এবং অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ’ শীর্ষক নিবন্ধসংগ্রহের ভূমিকায় আহমদ ছফা যতটুকু জানাইয়াছেন মাত্র তাহার দৌলতে অনুমান করিতেছি, এই নিবন্ধটিও খুব সম্ভব ‘আমার কথা’ নামক কলমের ফসল। (ছফা ১৯৯৪ : [৬])
১৯৯২ সালের ৬ ডিসেম্বর। সেইদিন বর্তমান ভারতের অঙ্গরাজ্য উত্তর প্রদেশের অযোধ্যা নগরে পাঁচশত বছরের পুরানা একটি মসজিদ পূর্ব হইতে ঘোষণা দিয়া ধ্বংস করা হয়। ইহার প্রতিক্রিয়াস্বরূপ শুদ্ধ ভারত জুড়িয়া নহে, বাংলাদেশেও রাজনৈতিক দাঙ্গাহাঙ্গামা শুরু হইয়া যায়। যতদূর কল্পনা যায় দেখিতেছি, আহমদ ছফাকে এই রক্তের হাঙ্গামা বড়ই বিচলিত করিয়াছিল। এই পটভূমিটা ভুলিয়া না যাই তো আশা করি আহমদ ছফার ব্রত বুঝিতে সহায় হইবে।
রবীন্দ্রনাথ ঠাকুর সমীপে প্রশ্নপত্রটা পেশ করিবার আগে আহমদ ছফা প্রথমে বন্দনাটুকু সারিয়া লইলেন। লিখিলেন : ‘তাঁর সম্পর্কে যেটুকু পড়েছি যেটুকু জেনেছি, তা থেকে বলতে পারি রবীন্দ্রনাথ সত্যি সত্যি একজন বড় মানুষ। হিমালয় পর্বতকে যদি আরো পাঁচ মাইল উচুঁও করে দেয়া হয়, আমার বিশ্বাস রবীন্দ্রনাথের উচ্চতা স্পর্শ করতে পারবে না।’
রবীন্দ্রনাথ ঠাকুর একটি পর্বত, সন্দেহ নাই। তবে আহমদ ছফা যে তিনটি প্রশ্নমুষিক প্রসব করিবেন তাহারাও সেই পর্বতের কাছে উপেক্ষিত হইবে না—এই তাঁহার আশা। আহমদ ছফা লিখিলেন, ‘আমার বোধবুদ্ধি যখন একটু সেয়ানা হয়ে উঠল, একটা প্রশ্ন নিজের মধ্যেই জন্ম নিল। আমি মুসলমান চাষা সম্প্রদায় থেকে আগত একজন মানুষ। রবীন্দ্রনাথ আমাদের নিয়ে কিছু লিখেননি কেন?’
এতদিন এ প্রশ্ন তোলেন নাই কেন? কেহ পশ্চাতে এই প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বসেন এই ভয়ে আহমদ ছফা জানাইলেন, ‘এ প্রশ্নটা মনের মধ্যে জাগলেও প্রকাশ্যে উচ্চারণ করতে সাহস করিনি। আমাদের দেশের গোঁড়া মুসলমানেরা রবীন্দ্রনাথকে নিয়ে যে সকল অপপ্রচার করে থাকে, [পাছে] আমার প্রশ্নটিকেও তাদের সঙ্গে গুলিয়ে ফেলে আমাকে রবীন্দ্রবিরোধীদের সঙ্গে এক কাতারে দাঁড় করায় সেই ভয়ে অনেকদিন চুপচাপ ছিলাম।’
শেষমেশ তিনি সাহস সঞ্চয় করিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুরে বিশ্বাসের জোরে। লিখিলেন :
‘এখন আমার একটা উপলব্ধি এসেছে, যে যেভাবে ইচ্ছা গ্রহণ করুক, আমার মন যেভাবে বলছে আমি প্রশ্নটা সেভাবে উচ্চারণ করব। এখানকার রবীন্দ্রভক্তরা হয়ত একটু রুষ্ট হবেন। তবে আমি নিশ্চিত রবীন্দ্রনাথের রুহ-মোবারক আমার প্রশ্নে কষ্ট পাবে না।
রবীন্দ্রনাথের অনুভূতি ছিল অত্যন্ত সূক্ষ্ম। তিনি ফুলের গন্ধ, পাখির গান, এমনকি গোধূলির আলোর কাছেও নিজেকে ঋণী ভাবতেন। সম্প্রতি ‘ফায়ার অব বেঙ্গল’ শীর্ষক এক হাঙ্গেরিয়ান মহিলার একটি চমৎকার উপন্যাস আমি পেয়েছি। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। ঐ উপন্যাসের এক চরিত্রের উক্তি : রবীন্দ্রনাথ যখন ধ্যানে বসতেন, ঘাসের অঙ্কুর গজানর শব্দও তিনি শুনতে পেতেন। এই কথাটা আমার আক্ষরিক অর্থে বিশ্বাস করতে ইচ্ছা করে।’ (ছফা ১৯৯৪ : ৬৫)
আহমদ ছফার দুইটা দাবি। এক নম্বরে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমান প্রজারা তাঁহার নিজের এবং তাঁহার পূর্বের ঠাকুর জমিদারদের অন্নসংস্থান করিত। সুতরাং ঠাকুরকে তাহাদের কথা লিখিতে হইবে। দ্বিতীয় কথা, ‘এই মুসলমান প্রজাদের জীবনের সমস্যা-সংকট সম্পর্কে রবীন্দ্রনাথ যত বেশি জানতেন, গোটা ভারতবর্ষে সেরকম আর একজন মানুষও ছিলেন কি না সন্দেহ।’ অতয়েব তাঁহার না লিখিবার কোন অজুহাত থাকিতে পারে না।
আহমদ ছফা আমাদের মনে করাইয়া দিতেছেন, ‘এই প্রজাদের কথা রবীন্দ্রনাথ বারবার উচ্চারণ করেছেন। কিসে তাদের মঙ্গল হয় সে বিষয়ে চিন্তা করেছেন এবং নানা বাস্তব কর্মকাণ্ডের আয়োজন করেছেন। এ প্রজাদের কল্যাণের আকাঙ্ক্ষায় একমাত্র পুত্র রথীন্দ্রনাথকে আমেরিকা থেকে কৃষিবিদ্যা শিখিয়ে এনেছিলেন।’ প্রশ্নটা এখানেই : ‘তারপরও রবীন্দ্রনাথ মুসলমান চাষাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প লিখতে পারলেন না কেন?’
আহমদ ছফার এই নাতিশীতোষ্ণ প্রশ্নের উত্তর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই দিয়া রাখিয়াছিলেন। উত্তরটা আহমদ ছফার কানে পৌঁছায় নাই—এমন ভাবারও অবকাশ নাই। ‘আপনি মুসলমান চরিত্র নিয়ে গল্প উপন্যাস বিশেষ লেখেননি কেন?’—বন্দে আলী মিয়ার এই জিজ্ঞাসার উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর যাহা বলিয়াছিলেন তাহা শ্রুতিলেখকের ভাষ্য অনুসারে এইরকম : ‘মুসলমান সমাজ সম্পর্কে বিশেষ কিছু আমি জানি না। শিলাইদায় যদিও অনেককাল ছিলাম তথাপি গভীরভাবে মিশবার সুযোগ করে উঠতে পারিনি।’ (মিয়া ১৩৭৩ : ৫৬; মিয়া ১৪০৪ : ৩৭৫)
শুদ্ধ অজ্ঞতা বা অনভিজ্ঞতা নয়, অন্য ভয়ও ছিল। বন্দে আলী মিয়াকে তিনি বলিতেছিলেন :
‘এক একবার ভাবি—লিখব, কিন্তু সাহসে কুলায় না। বঙ্কিমচন্দ্রের মত গালমন্দ খেতে হবে ভয়ে পিছিয়ে আসি। সাম্প্রদায়িকতাকে আমি প্রশ্রয় দিই না। এর প্রমাণ কেউ আমার শান্তিনিকেতনে গেলেই বুঝতে পারবে। কিন্তু গল্পে মুসলমান চরিত্র সৃষ্টি করতে গেলে মনে হয়, হয়ত ঠিকভাবে আঁকতে পারছি না। হয়ত যথার্থ রূপটি দিতে পারছি না। তবে একেবারে যে লিখিনি তা নয়। আমার ‘গল্পগুচ্ছ’ পড়ে থাকলে নিশ্চয়ই সাক্ষাৎ পেয়েছ।’ (মিয়া ১৩৭৩ : ৫৬; মিয়া ১৪০৪ : ৩৭৫-৭৬)
বন্দে আলী মিয়া পদ্মাপারের লোক। তাঁহার সহিত ঠাকুরের আরেক সাক্ষাতেও একই প্রশ্ন উঠিয়াছিল। মিয়া গিয়াছেন তাঁহার ‘ময়নামতির চর’ বহিটির জন্য কবির ‘একটা অভিমত’ আদায়ের মতলবে। ‘একসময় মুখ তুলে [কবি] বললেন : যৌবনের অধিকাংশ দিন আমার পদ্মার চরে কেটেছে। আমি যখন শিলাইদহে ছিলাম তখন একটা ঘটনা ঘটেছিল। বিষয়টা অতিশয় চিত্তাকর্ষক। ভেবেছিলাম, আমি লিখব। কিন্তু মুসলমান সমাজের পারিবারিক ঘটনা। হয়ত ত্রুটি-বিচ্যুতি থাকবে, সেই জন্যে লিখতে সাহস করিনি। তোমাকে বলছি, তুমি লিখ।’ (মিয়া ১৩৭৩ : ৮৭-৮৮; মিয়া ১৪০৪ : ৩৯৪)
রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে শোনা আখ্যায়িকা ভর করিয়া বন্দে আলী মিয়া পরে একখানি উপন্যাস লিখিয়াছেন বৈকি! সেই বইয়ের নাম ‘শেষ লগ্ন’। উহার মুখবন্ধযোগে মিয়া সাহেব পুনশ্চ সেই কীর্তি স্মরণ করিয়াছিলেন এইভাবে :
‘মেঘাচ্ছন্ন আকাশের নিচে উত্তরায়ণের বারান্দায় রবীন্দ্রনাথের সম্মুখে আমি আর আমার জনৈক শিল্পীবন্ধু বসেছিলাম। কথার পর কথা, প্রসঙ্গের পর প্রসঙ্গ চলছিল। এক ফাঁকে আমার ‘ময়নামতির চর’ কাব্যগ্রন্থের কবিতাগুলো সম্পর্কে আলোচনা উঠল। সেই প্রসঙ্গে তাঁর যৌবনদিনে শিলাইদহ বাসের কথা তাঁর মনে পড়ল। তিনি বললেন, দেখ, শিলাইদহের কাছারিবাড়ির কিছুটা দূরে একজন খোঁয়াড়ালা ছিল। তার জীবনকথা আমি জানি। কাহিনীটা লিখবার জন্য মনের মধ্যে আমার লোভ এখনো আছে। কিন্তু অতি কষ্টে নিজেকে সম্বরণ করে রেখেছি। মুসলমান পরিবারের খুঁটিনাটি খবর আমার জানা নেই। অথচ গল্প লিখতে ওটা নিতান্তই অপরিহার্য। লিখলে কোথায় কি ত্রুটি থেকে যাবে যার জন্য সমালোচকদের তীক্ষ্ণ আক্রমণ আমার ওপর হতে থাকবে। এই বুড়ো বয়সে সেটা মোটেই প্রীতিকর নয়। সুতরাং কাহিনীটা তোমাকে বলছি, তুমি এ বিষয়ে চেষ্টা কর। (ইকবাল ২০১২ : ৩৭৮)
এই পুরানা যুক্তির খবরও আহমদ ছফা আগেভাগেই পাইয়াছেন। তিনি লিখিয়াছেন : ‘হ্যাঁ, কথা উঠতে পারে, তিনি মুসলমান সমাজ সম্পর্কে জানতেন না, তাই লিখেননি। যদি সঠিকভাবে মুসলিম চরিত্র উপস্থিত করতে না পারেন, হিতে বিপরীত ঘটে যাবার সম্ভাবনা ছিল বেশি। সে কারণে রবীন্দ্রনাথ কোন ঝুঁকি গ্রহণ করেননি। সেক্ষেত্রে আমার কথা হল, রবীন্দ্রনাথ ইচ্ছা করলে তাঁর অনভিজ্ঞতা এবং মুসলিম সমাজ সম্পর্কে অজ্ঞতা কি কাটিয়ে উঠতে পারতেন না? আমার তো মনে হয় না এটা রবীন্দ্রনাথের মত একজন অনুসন্ধিৎসু ব্যক্তির পক্ষে অসম্ভব কিছু ছিল।’ (ছফা ১৯৯৪ : ৬৬)
ফল যাহা ফলিবার নিশ্চয় ফলিয়াছে। সেকালের প্রসিদ্ধ পণ্ডিত বিনয়কুমার সরকার অনেক আগেই ফলনির্ণয় করিয়া রাখিয়াছিলেন। সরকারের মতে, মুসলমান নরনারীর কথা যে রবীন্দ্রনাথ বেশি একটা লিখিতে পারেন নাই তাহা ঠাকুরের ‘একটা বড় দুর্বলতা’। আর এই দুঃখেই তিনি বলিয়াছিলেন, ‘মুসলমান পাঠকেরা ভবিষ্যতে রবীন্দ্র সাহিত্যকে হয়ত খানিকটা কম আদর করতে পারে।’
হরিদাস মুখোপাধ্যায়ের সহিত বিনয়কুমার সরকারের এই আলাপটি অনুষ্ঠিত হইয়াছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের কিছুদিন পর—১৯৪২ সালের সেপ্টেম্বর মাসে। এই সংবাদটি মনে রাখিলে আমাদের বিশেষ উপকার হয়। সরকার আরো কহিয়াছিলেন, রবীন্দ্রনাথের রচনায় ‘মুসলমানবিরোধী’ কথা বিশেষ নাই—এ কথাও মিথ্যা নহে। সমস্যার মধ্যে, ‘পাঠকমাত্রের একটা দুর্বলতা আছে। সকলেই নিজ পরিচিত পল্লী, দেশ, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কিত ব্যক্তি ও অবস্থার বিশ্লেষণকে দেখতে চায়।’
ভালয় মন্দয় মিলাইয়া বিনয় সরকারের সিদ্ধান্ত ছিল অসীম ক্ষমায় মণ্ডিত : ‘মুসলমান কথাবস্তু সম্বন্ধে রবীন্দ্র সাহিত্য কিছু দরিদ্র। এই দোষের জন্য রবীন্দ্র সাহিত্যকে ভবিষ্যতে ভুগতে হবে। এই জন্য আমি দুঃখিত।’ (সরকার ২০০৩ : ৭২)
এতদিনে অনেকখানি তাঁহার কথারই প্রতিধ্বনি করিলেন আহমদ ছফা। লিখিলেন : ‘... যদি আমার সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হত, পদধূলি নেয়ার পর খুব বিনীত ভাষায় আমার বক্তব্য তাঁকে শোনাতাম। আমি বলতাম, আপনাকে আমি পুরোপুরি আমার আপন করতে চাই, কিন্তু পারি না।’ (ছফা ১৯৯৪ : ৬৬)
২
আহমদ ছফার দ্বিতীয় প্রশ্নটিও ষোল আনা আনকোরা কি স্বাধীন প্রশ্ন নয়। এই প্রশ্নে পৌঁছিয়া তিনি মাখনের মধ্যে ছুরির মতই সাবলীল হইলেন। লিখিলেন, ‘সারাজীবন আপনি অন্যান্য ধর্ম সম্পর্কে অনেক কথা বলেছেন। ইসলাম এবং ইসলামের ঋষিদের সম্পর্কে এমন মৌন থেকে গেলেন কেন?’ এখানেও আহমদ ছফার দাবি, রবীন্দ্রনাথ ইসলাম বিষয়ে বিশেষ লিখেন নাই। অথচ যে ব্রাহ্মধর্ম তিনি উত্তরাধিকারসূত্রে পাইয়াছিলেন তাহার সহিত ইসলামের তো একটা আঁতের সম্পর্ক ছিলই। সেটা অগ্রাহ্য করা—সেই আঁতে ঘা দেওয়া—কি ন্যায় পদবাচ্য? কথাটা আহমদ ছফার ভাষাতেই শোনা যাইতে পারে :
‘রামমোহন রায়ের ঘরানা থেকেই আপনার উৎপত্তি। রাজা রামমোহন রায় সর্বপ্রথম ইসলামের মধ্যেই ব্রাহ্মধর্মের উৎস খুঁজে পেয়েছিলেন। সেটি তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন; যদিও পরে ব্রাহ্ম মতামতের সঙ্গে বেদ-উপনিষদের সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করেছিলেন। অনেক কীর্তিমান গবেষক এখনো তো মনে করে থাকেন আসলে ব্রাহ্মধর্ম ইসলামের প্রভাবসঞ্জাত একটি রূপান্তরিত মতবাদ। আপনার মহর্ষি পিতা দেবেন্দ্রনাথও এই সত্য একেবারে উড়িয়ে দিতে পারেননি। তাই ধ্যানের নির্জনে তিনি ইরানি কবি হাফিজের বয়েত উচ্চারণ করতেন। ব্রাহ্মধর্মের যে ঘরানা ইসলামের সঙ্গে তার দূরত্ব খুব অধিক নয়।’ (ছফা ১৯৯৪ : ৬৬)
আহমদ ছফার দ্বিতীয় দাবি, রবীন্দ্রনাথ আর আর ধর্ম বিষয়ে অনেক কথা লিখিয়াছেন। এই সত্যে সন্দেহ কি! উদাহরণ না বাড়াইয়া শুদ্ধমাত্র বৌদ্ধধর্ম বা খোদ গৌতম বুদ্ধের কথাটা স্মরণ করাই যথেষ্ট। রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধকে ‘সর্বশ্রেষ্ঠ মানব’ বলিয়া অন্তরের মধ্যে অনুভব করিতেন। অন্তরের কথা নিয়া তর্ক করা চলে না। ১৯৩৫ সালের আঠারই মে তারিখে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর কলিকাতায় একটি আবেগোদ্দীপক ভাষণ দেন। ঐ ভাষণে তিনি বলিলেন, ‘একদিন বুদ্ধগয়াতে গিয়েছিলাম মন্দিরদর্শনে, সেদিন এই কথা আমার মনে জেগেছিল—যাঁর চরণস্পর্শে বসুন্ধরা একদিন পবিত্র হয়েছিল তিনি যেদিন সশরীরে এই গয়াতে ভ্রমণ করছিলেন, সেদিন কেন আমি জন্মাই নি, সমস্ত শরীর মন দিয়ে প্রত্যক্ষ তাঁর পুণ্যপ্রভাব অনুভব করি নি?’ (ঠাকুর ১৩৭৯ : ৯)
কবির ভাইপো দ্বিপেন্দ্রনাথের স্ত্রী শ্রীমতি হেমলতা ঠাকুর অনেকদিন পরে—১৯৬০ সালের কিছু আগে-পরে হইবে হয়ত—এক সাক্ষাৎকারপ্রার্থীকে জানান, সেবারের বুদ্ধগয়া ভ্রমণে তিনিও কবির অনুগামিনী হইয়াছিলেন। হেমলতাদেবীর বাক্যে জানা যায়, ‘প্রতিদিন প্রাতরাশের পর গুরুদেব বুদ্ধমন্দিরে গমন করতেন একাকী এবং প্রায় দু তিন ঘণ্টা তিনি সেখানে অবস্থান করতেন।’
সঙ্গের কিংবা বাহিরের কেহ সেই সময় মন্দিরে যাইতে পারিবে না—এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও হেমলতার মনে দারুণ কৌতূহল জাগিল। তিনি মনে মনে প্রশ্ন করিলেন, ‘কাকামশাই এত সময় মন্দিরে কি করেন? মূর্তিপূজার বিরোধী ব্রাহ্মধর্মের প্রবর্তক মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র—রবীন্দ্রনাথ—বুদ্ধমন্দিরে কেন অতিবাহিত করেন অতটা সময়?’
‘মহিলাদের স্মৃতিতে রবীন্দ্রনাথ’ গ্রন্থের কর্ত্রী অমিয়া বন্দ্যোপাধ্যায় জানাইতেছেন, ‘কৌতূহল নিরসনে অধীর হয়ে একদিন তিনি অন্যের অজ্ঞাতসারে নিষিদ্ধ সময়েই যান মন্দিরে এবং ভেজান দরজা ঈষন্মুক্ত করে দেখতে পান উচ্চ বেদিতে উপবিষ্ট বিরাট বুদ্ধমূর্তির সম্মুখে দণ্ডায়মান কবিগুরুর ধ্যানগম্ভীর নিশ্চল প্রতিমূর্তি, দুই চক্ষে দরবিগলিত অশ্রুধারা!’
ইহাতে কিন্তু সনাতন হিন্দুধর্মের গুণগ্রহণে কোথাও বাধা হয় নাই রবীন্দ্রনাথ ঠাকুরের। হেমলতা ঠাকুর জানাইতেছেন, ‘আমার ইচ্ছা হল গয়ার প্রাচীন বিখ্যাত বিষ্ণুর মন্দির ও হিন্দুর পূর্বপুরুষকে পিণ্ডপ্রদানের স্থান দেখার। উদারচিত্ত কাকামশাই অনুমতি দিলেন।’ (বন্দ্যোপাধ্যায় ১৯৬৪ : ১২৪)
এক্ষণে আমরা আহমদ ছফার বিশেষ প্রশ্নটির খবর লইতে প্রস্তুত। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে তিনি নিবেদন করিলেন : ‘আপনি মনে মনে নিজেকে ‘হিন্দু’ ভেবেছেন। তাতে তো দোষের কিছু নেই। সমস্ত ভারতীয়—হিন্দু-মুসলমান নির্বিশেষে—[নিজেকে] ‘হিন্দু’ ভাবতে পারে। পরবর্তীকালে নানারকম রাজনৈতিক প্রশ্ন এসে বিষয়টিকে জটিল করে তুলেছে। পৃথিবীর মানুষ আপনাকে হিন্দু কবি—মানে হিন্দুস্থানের কবি—বলে সম্মান করেছে কিন্তু গড়পড়তা হিন্দু কি আপনাকে তাদের একজন হিশেবে গ্রহণ করেছে?’ (ছফা ১৯৯৪ : ৬৭)
এই প্রশ্নের উত্তর অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর আগাম দিয়া রাখিয়াছেন। ১৯৩২ সালে নতুন বাদশাহের আমন্ত্রণে ইরান দেখিতে গিয়াছিলেন তিনি। সেই দেখার কাহিনী ‘পারস্য-যাত্রী’ নামক গ্রন্থে লিপিবদ্ধও করিয়াছেন। এক পর্যায়ে তিনি ইস্পাহান শহরের ময়দান-ই-শাহ অর্থাৎ বাদশাহি ময়দানের দক্ষিণ সীমানাবর্তী মসজিদ-ই-শাহ বা বাদশাহি মসজিদ দেখিতে গেলেন। কবি লিখিয়াছেন, ‘প্রথম শা আব্বাসের আমলে এর নির্মাণ আরম্ভ, আর তাঁর পুত্র দ্বিতীয় শা আব্বাসের সময়ে তার সমাপ্তি। এখন এখানে ভজনার কাজ হয় না।’ তবে ইহার পাশের আরেকটি মসজিদে ভজনার কাজ এখনো চলিতেছে। ইহার নাম ‘মাদ্রাসে-ই-চাহার বাগ’। কবি লিখিতেছেন :
‘এক দিকে উচ্ছ্রিত বিপুলতায় এ সুমহান, যেন স্তবমন্ত্র, আর-এক দিকে সমস্ত ভিত্তিকে খচিত ক’রে বর্ণসংগতির বিচিত্রতায় রমণীয়, যেন গীতিকাব্য। ভিতরে একটি প্রাঙ্গণ, সেখানে প্রাচীন চেনার গাছ এবং তুঁত, দক্ষিণ ধারে অত্যুচ্চ-গুম্বজ-ওয়ালা সুপ্রশস্ত ভজনাগৃহ। যে টালিতে ভিত্তি মণ্ডিত তার কোথাও কোথাও চিক্কণ পাৎলা বর্ণপ্রলেপ ক্ষয়প্রাপ্ত, কোথাও-বা পরবর্তীকালে টালি বদল করতে হয়েছে, কিন্তু নূতন যোজনাটা খাপ খায় নি। আগেকার কালের সেই আশ্চর্য নীল রঙের প্রলেপ এ কালে অসম্ভব। এ ভজনালয়ের যে ভাবটি মনকে অধিকার করে সে হচ্ছে এর সুনির্মল সমুদার গাম্ভীর্য। অনাদর-অপরিচ্ছন্নতার চিহ্ন কোথাও নেই। সর্বত্র একটি সসম্ভ্রম সম্মান যথার্থ শুচিতা রক্ষা করে বিরাজ করছে।’ (ঠাকুর ১৩৯২ : ৫৯)
কবি মসজিদটি কতখানি খুঁটাইয়া খুঁটাইয়া দেখিয়াছিলেন উপরের কয়েকটি বাক্যে তাহার সামান্য সাক্ষ্য মাত্র মেলে। ইহার পর তিনি আরো খুঁটাইয়া আপন অন্তরের মধ্যে দেখিতে শুরু করিলেন। তিনি লিখিয়াছেন, ‘এই মসজিদের প্রাঙ্গণে যাদের দেখলেম তাদের মোল্লার বেশ। নিরুৎসুক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে দেখলে, হয়তো মনে মনে প্রসন্ন হয় নি। শুনলুম আর দশ বছর আগে এখানে আমাদের প্রবেশ সম্ভবপর হত না। শুনে আমি যে বিস্মিত হব সে রাস্তা আমার নেই। কারণ, আর বিশ বছর পরেও পুরীতে জগন্নাথের মন্দিরে আমার মতো কোনো ব্রাত্য যে প্রবেশ করতে পারবে সে আশা করা বিড়ম্বনা।’ (ঠাকুর ১৩৯২ : ৫৯-৬০)
আহমদ ছফা এ কথা পড়িয়া বাকরুদ্ধ হইলেন না। শুদ্ধ তাঁহার মুখটা ফসকাইয়া গেল। একই কথা স্থানান্তরে প্রকাশ পাইল : ‘আপনি যখন পারস্যে গেলেন, হাফিজের মাজার জেয়ারত করলেন, তখন এই প্রশ্নটা হঠাৎ করে আপনার মনে কেন জেগেছিল—যেভাবে আপনি সম্মানের সঙ্গে হাফিজের মাজার দর্শন করতে পারলেন [সেভাবে] জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করতে পারবেন কি না? হিন্দু মন্দিরের দুয়ার বিশ্বজোড়া স্বীকৃতি অর্জনের পরও আপনার জন্য কতটুকু উন্মুক্ত হয়েছিল?’ (ছফা ১৯৯৪ : ৬৭)
না, আহমদ ছফা ভুল করেন নাই। রবীন্দ্রনাথের মনে ঐ প্রশ্নটা জাগিয়াছিল ঠিক হাফেজের মাজারে নহে, জাগিয়াছিল ইস্পাহানের ‘মাদ্রাসে-ই-চাহার বাগ’ মসজিদে প্রবেশ করিবার পর। রবীন্দ্রনাথ ঠাকুর ইহার আগে একদিন হাফেজের মাজারেও গিয়াছিলেন। সেখানে গিয়া না বসিতেই তাঁহার মনে নিজের দেশের কথাটা ভাসিয়া উঠিয়াছিল ঠিকই। কবির কথায় :
‘এই সমাধির পাশে বসে আমার মনের মধ্যে একটা চমক এসে পৌঁছল, এখানকার এই বসন্তপ্রভাতে সূর্যের আলোতে দূরকালের বসন্তদিন থেকে কবির হাস্যোজ্জ্বল চোখের সংকেত। মনে হল আমরা দুজনে একই পানশালার বন্ধু, অনেকবার নানা রসের অনেক পেয়ালা ভরতি করেছি। আমিও তো কতবার দেখেছি আচারনিষ্ঠ ধার্মিকদের কুটিল ভ্রুকুটি। তাদের বচনজালে আমাকে বাঁধতে পারে নি; আমি পলাতক, ছুটি নিয়েছি অবাধপ্রবাহিত আনন্দের হাওয়ায়। নিশ্চিত মনে হল, আজ কত-শত বৎসর পরে জীবন-মৃত্যুর ব্যবধান পেরিয়ে এই কবরের পাশে এমন একজন মুসাফির এসেছে যে মানুষ হাফেজের চিরকালের জানা লোক। (ঠাকুর ১৩৯২ : ৪৩-৪৪)
আহমদ ছফার আরেকটি প্রশ্নের উত্তরও ঠাকুর দিয়াছেন—হইতে পারে সে উত্তর কিছুটা আংশিক।
পারস্যদেশ রবীন্দ্রনাথ ঠাকুরকে সহজে গ্রহণ করিয়াছিল। তিনি লিখিয়াছেন, ‘কাছের মানুষ বলে এরা যখন আমাকে অনুভব করেছে তখন ভুল করে নি এরা, সত্যই সহজেই এদের কাছে এসেছি। বিনা বাধায় এদের কাছে আসা সহজ, সেটা স্পষ্ট অনুভব করা গেল। এরা যে অন্য সমাজের, অন্য ধর্মসম্প্রদায়ের, অন্য সমাজগণ্ডীর, সেটা আমাকে মনে করিয়ে দেবার মতো কোনো উপলক্ষই আমার গোচর হয় নি।’ (ঠাকুর ১৩৯২ : ২৮-২৯)
ভারতবর্ষে—নিদেন বাংলা প্রদেশে—রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাত্য হইতে পারেন। পারস্যে কিন্তু তিনি সত্যসত্যই পংক্তি পাইয়াছেন। সে কি শুদ্ধমাত্র কবি বলিয়া! রবীন্দ্রনাথ কবুল করিয়াছেন : ‘পারসিকদের কাছে আমার পরিচয়ের আরও-একটু বিশিষ্টতা আছে। আমি ইন্দো-এরিয়ান। প্রাচীন ঐতিহাসিক কাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত পারস্যে নিজেদের আর্য-অভিমানবোধ বরাবর চলে এসেছে, সম্প্রতি সেটা যেন আরও বেশি করে জেগে ওঠবার লক্ষণ দেখা গেল। এদের সঙ্গে আমার রক্তের সম্বন্ধ।’ (ঠাকুর ১৩৯২ : ২৮)
রবীন্দ্রনাথের এই স্বীকারোক্তি একান্তই অজ্ঞাতসারে। আর অজ্ঞাতসারে বলিয়াই তাহার মাহাত্ম্য আলাদা।
৩
১৯৯৫ সালে পৌঁছিয়া দেখিলাম এক জায়গায় আহমদ ছফা আপনকার প্রশ্নের উত্তর আবার আপনিই লিখিয়াছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কেন মুসলমান চাষা সম্প্রদায়ের কাহিনী নিজ হস্তে লিখিতে রাজি হন নাই, তাহা ঠাকুর রচিত ‘গোরা’ উপন্যাসটি নাড়াচাড়া করিলেও খানিক মালুম হয়। ‘রবীন্দ্রনাথের “গোরা” উপন্যাস : নতুন ভাবনাচিন্তা’ নাম দেওয়া নাতিদীর্ঘ নিবন্ধের এক জায়গায় ছফা লিখিয়াছেন : ‘এটাকে যদি নিছক একটি প্রেমের উপন্যাস বলে ধরে নেয়া হয় তাহলে আমার মনে হয় সেটা খুবই যথার্থ হবে। গোরা এবং সুচরিতার প্রেম নানা অভিঘাতের মধ্য দিয়ে যে চূড়ান্ত মিলনান্তক পরিণতি লাভ করল সেটাই “গোরা” উপন্যাসের মূল বিষয়বস্তু। হিন্দু এবং ব্রাহ্ম সমাজের মধ্যে যে বিরোধ-সংঘাত চলে আসছিল তারই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ গোরা এবং সুচরিতা চরিত্র দুটি সৃষ্টি করেছেন।’ (ছফা ১৯৯৫ : ৩৬)
এই সত্যে সন্দেহ নাই—এ কথা সত্য। সমস্যার মধ্যে, আহমদ ছফা এইটুকুতে সন্তুষ্ট হওয়ার মতন মানুষ নহেন। তিনি তাই যোগ করিলেন, ‘দুটি ভিন্ন সম্প্রদায়ের যুবক-যুবতীর মধ্যে প্রেম নতুন কোন ঘটনা নয়। কিন্তু রবীন্দ্রনাথের ভিন্নরকম উচ্চাকাঙ্ক্ষা ছিল। “গোরা” প্রেমের উপন্যাস, কিন্তু এ কারণে তা সকলের আলোচনা এবং অভিনিবেশের বিষয়বস্তু হয়ে ওঠেনি। অনেক বিজ্ঞ ব্যক্তি মনে করেন রবীন্দ্রনাথ গোরা চরিত্রটিকে ভারতপথিক হিশেবে সৃষ্টি করেছেন।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
এ কথাও অসত্য নহে। তবে কথা আরো আছে। আহমদ ছফা বলেন, ‘প্রথম দিকে আমার কাছে এই শর্ত একান্তই সঙ্গত বলে মনে হয়েছিল। সর্বভারতীয় জনগণের মুক্তির প্রতীক হিশেবে গোরা চরিত্রটিকে মেনে নিতে আমার কোন আপত্তি তখন ছিল না।’ ‘তখন’ মানে ১৯৬৮-৬৯ সালের আগে। ততদিনে ধরিয়া লওয়া চলে আহমদ ছফা রবীন্দ্রনাথ বিষয়ে অন্তত গোটা দুই নিবন্ধ—‘রবীন্দ্রনাথের সংস্কৃতি সাধনা’ (১৯৬৮) এবং ‘তুমি ডাক দিয়েছ’ (১৯৬৯)—শেষ করিয়াছেন। তখন পর্যন্ত ছফা আপন বিশ্বাসে দৃঢ় ছিলেন।
তাঁহারও সত্যসত্য বিশ্বাস ছিল রবীন্দ্রনাথ গোরাকে সর্বভারতীয় জনগণের মুক্তির প্রতীক আকারে গড়িয়া তুলিয়াছিলেন। এই বিশ্বাসের গোড়ায় জল ঢালিবার উদ্দেশ্যেই আহমদ ছফা যুক্তি দেখাইতেছিলেন, ‘একসময় গোরার উপলব্ধি জন্মাল, তিনি ভারতীয় জনগোষ্ঠীর কেউ নন, তিনি ব্রাত্য এবং জাতহারা।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
‘ব্রাত্য’ এবং ‘জাতহারা’ এই দুইটি অভিধা রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার নিজের বেলায়ও প্রয়োগ করিয়াছেন। সে কথা আহমদ ছফা যে জানেন না তাহা নয়। ১৯৬৮ সালেও তিনি তাহার প্রমাণ রাখিয়াছেন :
‘রবীন্দ্রনাথের দেশপ্রেম ‘নিকষিত হেম’ যেন। দেশের প্রতি অন্ধ না হয়ে সত্তার আলোময় স্বরূপ দিয়ে দেশের মাটিকে এমনভাবে কেউ কোন দেশে ভালবেসেছেন কি না আমাদের জানা নেই। যাঁদের শতাব্দীব্যাপী দুঃখ-দুর্দশা তিনি চোখে দেখেছেন, কানে শুনেছেন, ইতিহাসে পড়েছেন তাদেরকে—হিংসার দিকে নয়—শান্তির উদার দিগন্তের পানে আপন বাণীর মন্ত্রশক্তিতে আকর্ষণ করার জন্য সে কি অনিদ্র প্রচেষ্টা!
আপন দেশের হতভাগ্যের সঙ্গে তুলনা করে তিনি বিশ্বের হতভাগ্য দেশসমূহকে ভালবেসেছেন। ফ্যাসিবাদবিরোধী ভূমিকায় নেমেছেন, ‘নাইট’ খেতাব পরিত্যাগ করেছেন, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং আরো কত গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেছেন। বিচিত্র কর্মধারার মধ্যে তিনি সর্বপ্রকারের আত্মশ্লাঘা জলাঞ্জলি নিয়ে সর্বাঙ্গীণ মনুষ্যত্বের প্রতীক হিশেবে ফুটে উঠেছিলেন। সেজন্য দেখি বৃদ্ধবয়সের জড়তাকেও উপেক্ষা করে ‘ব্রাত্য জাতহারা’ রবীন্দ্রনাথ সর্বহারাদের রাষ্ট্র সোবিয়েত দেশ দর্শন করতে গেছেন।’ (ছফা ২০০৯ : ২৫৮)
শুদ্ধ সোবিয়েত দেশে পৌঁছিয়া নহে, আর্য জাত্যাভিমানী অধ্যুষিত পারস্যদেশে পৌঁছিয়াও রবীন্দ্রনাথ ঠাকুর আরেকবার বুঝিতে পারিয়াছিলেন বিশ্বজোড়া খ্যাতি অর্জনের পরও স্বদেশে তিনি ব্রাত্য বৈ নহেন। (ঠাকুর ১৩৯২ : ৬০)
রবীন্দ্রনাথ ঠাকুরে আহমদ ছফার অচলা ভক্তির দেওয়ালে একটা সূক্ষ্ম ফাটল ধরাইয়া দিয়াছিলেন এমন একজন মানুষ যাঁহাকে এককালে অনেকেই ‘কঠোর রবীন্দ্রবিদ্বেষী’ বলিয়া ধরিয়া লইতেন। এই তথাকথিত ‘রবীন্দ্রবিদ্বেষী’ হইবা সত্ত্বেও মোহাম্মদ মোর্তজা ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর হাত হইতে পরিত্রাণ পান নাই। আহমদ ছফা জানাইতেছেন, ১৯৬৮ সালের দিকে ডাক্তার শহিদ মোহাম্মদ মোর্তজার সঙ্গে তাঁহার এই বিষয়ে একবার আলোচনা হয়। বয়ানের এক পর্যায়ে আহমদ ছফা যুক্তি দেখাইলেন, রবীন্দ্রনাথ গোরাকে সর্বভারতীয় জনগণের মুক্তির প্রতীক হিশাবে গড়িয়া তুলিয়াছেন। ইহার জবাবে মোর্তজা—আহমদ ছফার ভাষায়—‘ফস করে বলে বসলেন, আপনার এই ব্রাত্য জাতহারা গোরাকে রবীন্দ্রনাথ ইউরোপীয় রমণীর গর্ভে দিলেন কেন? তিনি যে সত্য প্রতিষ্ঠা করার জন্য উপন্যাসটি লিখতে প্রবৃত্ত হয়েছেন সেটা প্রমাণ করার জন্য গোরাকে মুচি, মেথর, কিংবা মুসলমানের ঘরে জন্ম দিলেও তো পারতেন।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
আহমদ ছফা কবুল করিয়াছেন, মোর্তজার যুক্তির ধারা দেখিয়া তিনি ‘একটুখানি চমকে’ উঠিয়াছিলেন। তবে তিনি ‘নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা’ হারান নাই। তাঁহার বিশ্বাস ছিল, রবীন্দ্রনাথ যে সত্যের প্রতিষ্ঠা দেওয়ার চিন্তা করিয়াছিলেন, মর্মবস্তুর বিচারে এয়ুরোপিয়া নারীর গর্ভে গোরার জন্ম দিয়া সেই সত্যের ওপর কোন অবিচার তিনি করেন নাই। কিন্তু চিরকাল কাহারও সমান যায় না। নিরবধি কালের বাজারে মোহাম্মদ মোর্তজার মতন অনেক শহিদের রক্তের বিনিময় ঘটিয়াছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিপ্লবের সহায়ক শক্তি ভাবিতে পারিতেছিলেন না বলিয়াই মোহাম্মদ মোর্তজা  গোরা সম্পর্কে এ ধরনের একটি ‘নিষ্ঠুর কথা’ বলিতে পারিয়াছিলেন—এই ছিল ১৯৬৮ সালের আহমদ ছফার সন্দেহ। সেই বিপ্লব আজো দিল্লির মতন দূরেই রহিয়াছে। কিন্তু আহমদ ছফার মনে একটা বিপ্লব ঘটিয়া গিয়াছে।
১৯৯০ সালের দশকে—খুব সম্ভব ১৯৯২ সালের ডিসেম্বর মাসের পর—আহমদ ছফার ভাবজগতে পরিবর্তনের একটা সূত্রপাত হইয়া  থাকিবে। তিনি লিখিতেছেন, ‘তারপরও আমি অনেকবার খুঁটিয়ে খুঁটিয়ে “গোরা” পড়েছি। কতবার বলতে পারব না। গত বিশ-পঁচিশ বছরে অন্তত একশবার তো হবেই। মোর্তজা সাহেব আমার মনে যে প্রশ্নের বীজটি জন্ম দিয়ে গিয়েছিলেন আমি সেটি মন থেকে একেবারে ঝেড়ে ফেলতে পারিনি।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
এই নাছোড়বান্দা চিন্তার শস্যস্বরূপ এতদিনে তিনি কয়েকটি নতুন প্রস্তাবে আস্থা স্থাপন করিয়াছেন। আহমদ ছফা এখন মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর গোরা চরিত্রটি গঠিয়াছিলেন বিশেষ কোন ‘উচ্চ আকাঙ্ক্ষা’র বশীভূত হইয়া : ‘রবীন্দ্রনাথ ভারতীয় জনগণের মধ্যে সংস্কারমুক্তি ঘটিয়ে এখানে মানবমুক্তির স্বপ্ন দেখতেন। তার প্রতীক হিশেবে গোরাকে সৃষ্টি করেছিলেন—তাতে কোন সন্দেহ নেই।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
রবীন্দ্রনাথ ভারতবর্ষে মানবমুক্তির স্বপ্ন দেখিয়াছিলেন কি দেখেন নাই তাহা মোটেও বিতর্কের কথা নহে। কথা হইতেছে, গোরা সেই মুক্তির দিশারি বা প্রতীক হইতে পারেন কি না। আহমদ ছফার ধারণা :
‘ভারতীয় চিন্তাভাবনার একনিষ্ঠ প্রবক্তা হিশেবে সারাবিশ্বে রবীন্দ্রনাথের পরিচিতি থাকলেও ভারতীয় প্রাণবস্তুর উত্থানের সাহায্যে ভারতের মুক্তি সম্ভব—এ কথা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন না। পশ্চিমা বিজ্ঞান এবং কৃৎকৌশলের প্রতি রবীন্দ্রনাথের একধরনের বিশ্বাস ছিল—সে কথা তো বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে মহাত্মা গান্ধির সঙ্গে তিনি দীর্ঘ বিতর্কে প্রবৃত্ত হয়েছিলেন।
আহমদ ছফা নিজে অবশ্য এই প্রশ্নে দীর্ঘ বিতর্কে প্রবেশ করিতে চাহেন নাই। ধরিয়া লইলাম, এই প্রশ্নে তিনিও রবীন্দ্রনাথের পথ ধরিতে রাজি—অন্তত নিমরাজি তো বটেনই। সমস্যার কথা, তাঁহার পরের জিজ্ঞাসার বায়ু এখানে আরেকটু চড়িয়াছে। তিনি লিখিতেছেন :
‘রবীন্দ্রনাথ গোরা এবং সুচরিতার মিলনের মধ্য দিয়ে ভারতবর্ষের হিন্দু এবং ব্রাহ্ম সমাজের মধ্যবর্তী সংকটের একটা সমাধান নির্দেশ করতে পেরেছিলেন।
কিন্তু ভারতবর্ষ তো কেবল হিন্দু এবং ব্রাহ্মদের দেশ নয়। এখানে হিন্দু-ব্রাহ্ম ছাড়া মুসলমান, শিখ, [আদিবাসী], খ্রিস্টান এবং অচ্ছুৎ সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। সে বিষয়টি রবীন্দ্রনাথের চিন্তায় কোনরকম প্রভাব ফেলতে পেরেছে—এ কথা তো একেবারেই মনে হয় না।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
হিন্দু এবং ব্রাহ্ম সম্প্রদায়ের ঝগড়াঝাঁটি পরাধীন ভারতের—বিশেষ বাংলা প্রদেশের, একটি বড় ঘটনা—এ কথা মানিয়া লইলেও লওয়া যায়। কিন্তু—আহমদ ছফা কহিতেছেন—‘হিন্দু এবং ব্রাহ্মদের মধ্যবর্তী বিবাদ মিটে গেলে ভারতের সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতি সৃষ্টি হবে—এটা তো কিছুতেই সত্য হতে পারে না।’ এক্ষণে আহমদ ছফা একটা কাজের কথা বলিয়াই ফেলিলেন : ‘গোরার মধ্যে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে তা দিয়ে ভারতীয় জনগণের মুক্তি সম্ভব হতে পারে—সেটা দূরতম কল্পনাতেও সঠিক বলে মনে হয় না।’
পরিশেষে দেখি, তিনি এককাঠি তোলাও দিলেন আমাদের। তো এই গোরাটা আসলে কি বস্তু? এই স্তব্ধতার কানে কানে ফিসফিস করিলেন তিনি : ‘গোরা চরিত্রের মধ্যে এমন একটা অবাস্তবতা রয়েছে [যাতে] অনায়াসে তাকে বিবেকানন্দ-শিষ্যা পুরুষ নিবেদিতা মনে করা যায়। নিবেদিতা যেমন ভারতীয় না হয়েও ভারতের কল্যাণে সর্বস্ব বিসর্জন দিয়েছিলেন, রবীন্দ্রনাথ নিজের অজান্তে গোরার মধ্য দিয়ে সেরকম একটি পুরুষ চরিত্র সৃষ্টি করেছিলেন।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
রবীন্দ্রনাথ এই কাজের কাজটা ‘নিজের অজান্তে’ করিয়া ফেলিয়াছিলেন বলিয়া আহমদ ছফার দাবি। মহাজনের পথ ধরিয়া আমরাও কি দাবি করিতে পারি না, আহমদ ছফাও কথাটা অনেকটা ‘নিজের অজান্তে’ বলিয়া ফেলিয়াছেন? প্রমাণ, দুই বছরের মাথায় তিনি এই কথাটা সামান্য ঘুরাইয়া আবারো বলিলেন : ‘নিবিষ্ট পাঠকের মনে হবে সিস্টার নিবেদিতাকে পুরুষ চরিত্রে রূপান্তরিত [করে] গোরাকে সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথ।’ (ছফা ২০০৮খ : ৩৯৫)
আমরা আগেই দেখিয়াছি, রবীন্দ্রনাথ তাঁহার শিলাইদহের মুসলমান প্রজাদের লইয়া লিখিতে বড় রাজি হয়েন নাই। সেটা যতটা না উহারা মুসলমান বলিয়া ততটা হ্যাঁ লোকগুলি প্রজা বলিয়াও। ১৯৯৫ নাগাদ আহমদ ছফার সিদ্ধান্ত দাঁড়াইল : ‘রবীন্দ্রনাথ গোরার মধ্য দিয়ে ভারতের যে মুক্তি চিন্তা করেছিলেন সেটা রবীন্দ্রনাথ এবং তাঁর শ্রেণির মুক্তিচিন্তা। কিছুতেই সর্বভারতীয় জনগোষ্ঠীর মুক্তিচিন্তার প্রতীক হিশেবে গোরাকে দাঁড় করান যাবে না।’ (ছফা ১৯৯৫ : ৩৭)
আর ১৯৯৭ সালে আসিয়া দেখি একটি অনুসিদ্ধান্তও যোগ হইতেছিল। আহমদ ছফার মতে, ‘সমস্ত উপন্যাসটাই ঔপনিবেশিক পাটাতনের ওপর ভিত্তি করে রচিত।’ আহমদ ছফা আরো এক কদম আগাইয়া যাইতেছেন : ‘রবীন্দ্রনাথের সমস্ত আয়ুষ্কালটা ঔপনিবেশিক শাসনামলের মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে। ঔপনিবেশিক চিন্তাচেতনা তাঁর সৃষ্টিকর্মে ছাপ ফেলেনি—এ কথা সত্যি নয়।’ (ছফা ২০০৮খ : ৩৯৫)
৪
আহমদ ছফা যে সিদ্ধান্তটি আপাতদৃষ্টিতে নিছক একটা কথার কথা আকারে গ্রহণ করিয়াছেন তাহা আমাদের দেশের—শুদ্ধ আমাদের দেশের কেন, গোটা পৃথিবীরই—ঔপনিবেশিক বা পরাধীন যুগের ইতিহাস দ্বারাও আমরা সমর্থন করিতে পারি। জগৎপ্রসিদ্ধ ফ্রানৎস ফানোঁ তাঁহার ‘দুনিয়ার মজলুম’ গ্রন্থের এক জায়গায় দেখাইয়াছেন, পরাধীন দেশের লেখককুলের ইতিহাস তিন যুগে ভাগ করিয়া লেখা চলে। প্রথম যুগের লেখকেরা বিজয়ীজাতির সংস্কৃতি—বিশেষ করিয়া তাহাদের ভাষা ও সাহিত্য—আপনার করিয়া লইতে গ্রীবা বাড়াইয়া দেন। পারতপক্ষে তাঁহারা ইংরেজ কি ফরাশি হইতে পারিলেই বাঁচেন। তাঁহাদের কেহ বাংলার মিল্টন, কেহ বাংলার স্কট আর কেহ বা বাংলার শেলী বলিয়া অভিহিত হন। ব্রিটিশ পার্লামেন্টে বসিয়া তাঁহারা জন ব্রাইটের বক্তৃতায় আপ্লুত থাকেন। এই যুগের নাম এই লেখকদের সন্তানেরাই পরে রাখিয়াছেন, ‘বাংলার রেনেসাঁস’। ফানোঁ লিখিয়াছেন, ‘এই আপাদমস্তক একাকার হইবার যুগে আমরা পরাধীন জাতির লেখকদের মধ্যে ‘পার্নাস পথুমতি’, নিশান ব্যবসায়ী আর পরাবাস্তব ব্যবসায়ীদের দেখা পাইতে থাকি।’  (ফানোঁ ২০০২ : ২১১; ফানোঁ ২০০৪ : ১৫৯)
পরাধীনতা ব্যবসায়ের দ্বিতীয় যুগে দেখা যায় এই লেখকদের কাঁহারও কাঁহারও পালে উল্টা বাতাস লাগিতে শুরু করিয়াছে। ফানোঁ প্রস্তাবিত এই যুগকে অনেকেই ‘স্বদেশি যুগ’ বলিয়া থাকেন। সমস্যার মধ্যে, স্বদেশের জনসাধারণের সহিত এই যুগের বুদ্ধিজীবীদের একটা বিরাট ফারাকও ততদিনে তৈয়ার হইয়া গিয়াছে। ইঁহারা তখন পুরাকালের কাহিনী আবিষ্কারে মগ্ন হইয়াছেন, কেহ বা লোকসাহিত্য আর রাজস্থানের গল্প লিখিতে বসিয়াছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই যুগের নাম রাখিয়াছিলেন বাংলা সাহিত্যে ‘রাজপুতানার যুগ’।
এই যুগ হইতে বাহির হইয়া আসিয়া আপনকার যুগ প্রবর্তনের বাসনাতেই বোধ করি রবীন্দ্রনাথ ‘গোরা’ প্রভৃতি কাহিনীর সূত্রপাত করিয়াছিলেন। বিশেষের মধ্যে, আপন যাপিত জীবনের শেষ দুই কি তিন দশকে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের সহিত রবীন্দ্রনাথের যোগাযোগ কম হইয়া আসিয়াছিল। তাহার প্রমাণ ঢের। উদাহরণস্থলে জসীম উদ্দীন বিরচিত ‘ঠাকুরবাড়ির আঙিনায়’ নামক স্মৃতিকথার দৌলতে আমরা জানিতে পারি রবীন্দ্রনাথের বৃদ্ধ বয়সে এই বিরহ আরো বাড়িয়া যায়। বিরহের অনুষঙ্গ পরকীয়া—তাহাও ভুলিলে চলিবে না। জসীম উদ্দীন এক জায়গায় যাহা লিখিয়াছেন তাহা স্মরণীয়।
একদিন আমি কবির সঙ্গে দেখা করিতে যাইতেছি, কবির পুত্র রথীন্দ্রনাথ আমাকে একান্তে ডাকিয়া বলিলেন, ‘এখন বাবার শরীর অসুস্থ। আপনাকে দেখলেই তিনি হিন্দু-মুসলমান সমস্যা নিয়ে আলোচনা করেন। তাতে মাঝে মাঝে বড়ই উত্তেজিত হয়ে পড়েন। অসুস্থ শরীরে এই উত্তেজনা খুবই ক্ষতিকর। আপনি কিছুদিন বাবার সঙ্গে দেখা করবেন না।’
আমি তখনকার মত কবির সঙ্গে কিছুদিন দেখা করিলাম না।
মুসলমানদের প্রতি কবির মনে কিছু ভুল ধারণা ছিল। তিনি সাধারণত হিন্দু পত্রিকাগুলিই পড়িতেন। মুসলমানী পত্রিকার এক-আধ টুকরা মাঝে মাঝে কবির হাতে পড়িত।
কবির ভুল ধারণার প্রতিবাদ করিয়া উপযুক্ত কারণ দেখাইলেই কবি তাঁহার ভুল সংশোধন করিয়া লইতেন। কবির মনে একদেশদর্শী হিন্দুত্বের স্থান ছিল না। মুসলমানদের মধ্যে যাঁহারা স্বাধীন মতবাদ লইয়া ধর্ম ও সমাজ ব্যবস্থার সমালোচনা করিতেন, তাঁহাদের প্রতি কবির মনে প্রগাঢ় অনুরাগ ছিল। কিন্তু তাঁহাদের বিষয়ে কবির পক্ষে বেশি কিছু অনুসন্ধান করা সম্ভব ছিল না। কবির নিকটে যাঁহারা আসিতেন, কবি শুধু তাঁহাদিগকেই জানিতেন। এই বয়সে ইহার বেশি খবরাখবর লওয়া কবির পক্ষে সম্ভবও ছিল না। (উদ্দীন ২০০৩ : ৩১-৩২)
ফ্রানৎস ফানোঁ তৃতীয় অর্থাৎ সর্বশেষ একটি যুগের কথাও বলিয়াছিলেন। এই যুগের নাম—তাঁহার কথায়—‘লড়াইয়ের যুগ’। এই যুগের লেখকেরা জনগণের মধ্যে হারাইয়া যাইতে চাহিলেও ঠিক হারাইয়া যাইতে পারেন নাই। ইঁহারা তখন জনগণকে মাতাইয়া তুলিবার মতন গান গাহিতে শুরু করিলেন, লিখিতে শুরু করিলেন সব নব নব জাগরণের, জাতীয় উদ্দীপনার কবিতা। জনগণের পিছু পিছু না হাঁটিয়া, বরং অগ্রপথিক বা সেনাদলের জায়গা দখল করিলেন ইঁহারা। বাংলাদেশে এই যুগের একনম্বর পথিক কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুদ্ধ লিখিলেনই না, কারাগারেও গেলেন, অনশন করিয়া একদিন এমনকি প্রায় প্রাণ বিসর্জনেও রাজি হইলেন।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশে হিন্দু ও মুসলমানের মিলনের গানও গাহিতে শুরু করিয়াছিলেন। এই ধরনের গান স্বদেশি যুগের রবীন্দ্রনাথ ঠাকুরও কদাচ গাহিতে পারেন নাই। নজরুল ইসলামের ভাষার মধ্যে যে নতুন যুগের—লড়াইয়ের যুগের—আঁচ লাগিল, রবীন্দ্রনাথ ঠাকুরও তাহাতে পুড়িয়া গেলেন। কিভাবে পুড়িলেন তাহা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হইবে।
আমাদের দুর্ভাগা যুগের জনৈক যশস্বী মনীষী লিখিয়াছেন, ‘... সমালোচনার ব্যাপারে মুসলমানদের সহনশীলতা সম্পর্কে রবীন্দ্রনাথের সন্দেহ ছিল।’ মনীষী আনিসুজ্জামান (পদ্মভূষণ) একটা মেসাল দিয়াছেন :
‘পাঠ্যবই ইত্যাদিকে কেন্দ্র করে সেকালে মুসলমান সমাজের পক্ষ থেকে যে বাগবিতণ্ডা বিস্তারলাভ করেছিল, তাও রবীন্দ্রনাথকে ক্ষুব্ধ করেছিল। ইউরোপীয় সাহিত্যের দৃষ্টান্ত টেনে তিনি বোঝাতে চেয়েছিলেন যে অনেক সময়ে সাহিত্যে এমন কিছু কথা এসে যায় যা একটি সম্প্রদায়কে আঘাত করতে পারে, কিন্তু সে কারণে যা সাহিত্য পদবাচ্য তার পঠনপাঠন বন্ধ হয় না (তিনি ‘ওথেলো’ নাটকেরও উল্লেখ করেছিলেন)। বঙ্কিমচন্দ্রের রচনায় সম্প্রদায়-বৈরিতার উদাহরণ শোচনীয় মনে করলেও তেমন রচনা নির্বাসিত করার দাবি তিনি অযৌক্তিক ভেবেছিলেন।’ (আনিসুজ্জামান ২০১২ : [৮])
এখানেই ঘটনার শেষ নয়। ইংরেজি ভাষায় যাহাকে বলে ‘অ্যাপোলজি’ বা ‘অপলাপ’—বাংলা জবানে তাহাকে আমরা ‘সাফাই’ বলিতে পারি। আনিসুজ্জামান আরো যাহা লিখিয়াছেন তাহাকে সাফাই ছাড়া আর কিই বা বলা যায়! তিনি অধিক যাহা লিপিবদ্ধ করিয়াছেন তাহা সত্যের অধিক :
‘এই পটভূমিকায় বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের ক্রমবর্ধমান ব্যবহারের দাবি ও প্রবণতা তিনি [রবীন্দ্রনাথ ঠাকুর] অনুমোদনযোগ্য মনে করেননি। আরবি-ফারসি শব্দ, এবং পূর্ববঙ্গের আঞ্চলিক শব্দও, আমাদের সাহিত্যে যেমন স্বাভাবিকভাবে চলে এসেছে, তাতে তাঁর আপত্তি ছিল না—জসীম উদ্দীন ও বন্দে আলী মিয়ার গুণগ্রাহিতা এই প্রসঙ্গে স্মরণযোগ্য। কিন্তু অনেকটা স্বাতন্ত্র্যবাদী চেতনা থেকে যখন অধিকতর আরবি-ফারসি শব্দ প্রয়োগের দাবি উঠল, তখন রবীন্দ্রনাথ তাতে আপত্তি জানালেন। ইংরেজির ক্ষেত্রে স্কটিশ বা ওয়েলশরা এমন দাবি করেনি, এ কথা তিনি একাধিকবার বলেছেন। মুসলমানদের নিত্যব্যবহার্য শব্দ ব্যবহারের দাবির মত ইউরেশীয়রাও যদি বাংলা ভাষায় তাদের নিত্যব্যবহার্য শব্দ প্রয়োগের দাবি তোলে, তাহলে ভাষার চেহারা কেমন হবে, সে কথাও তিনি জিজ্ঞাসা করেছেন।’ (আনিসুজ্জামান ২০১২ : [৮])
আনিসুজ্জামানের সত্যনিষ্ঠা এই পর্যন্ত আসিয়া বিশুদ্ধ ওকালতির—বা রবীন্দ্রনাথ প্রস্তাবিত পরিভাষায় ‘অধিবক্তা’র—ভূমিকায় নামিয়া আসিল। কোন সাক্ষ্য-প্রমাণের তোয়াক্কা না করিয়াই তিনি মিছামিছি লিখিলেন : ‘এই প্রসঙ্গেই “রক্ত” অর্থে “খুন” শব্দের ব্যবহারে তাঁর আপত্তির কথা বলেছেন কবি, যদিও “খুন-খারাবি”তে তাঁর আপত্তি নেই। আমরা জানি, “খুন” সম্পর্কে তাঁর মন্তব্য নজরুল ইসলামকে লক্ষ্য করে কথিত বলে নজরুল স্বয়ং মনে করেছিলেন, তবে কথাটা ঠিক নয়।’ (আনিসুজ্জামান ২০১২ : [৮])
কথাটা যে ঠিক নয়, তাহা আপনি কিভাবে জানিলেন, মহাশয়? কোন প্রমাণের জোরে? এই বিতর্কের আয়ু একশত বছর হইতে আর বেশিদিন বাকি নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুর্ভাগ্যজনক মন্তব্যটি নজরুল ইসলামকে লক্ষ্য করিয়া না করা হইয়া থাকিলে আর কাঁহাকে যে লক্ষ্য করিয়া করা হইয়াছিল সে সত্য আজ পর্যন্ত কেহ নির্দেশ করেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুর করেন নাই, প্রমথ চৌধুরী করেন নাই, আনিসুজ্জামানও আবিষ্কারটা করিলেন না। একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হইয়া গেল। একটা দুঃখ থাকিয়াই গেল। অদূর ভবিষ্যতে কেহ এই আবিষ্কারটুকু করিবেন—এমন ভরসাও রহিল না। আপাতদৃষ্টে মনে হয়, সুমিতা চক্রবর্তীর লেখা—যাহাকে এই বিষয়ের চূড়ান্ত মীমাংসা গণ্য করা যাইতে পারে—আনিসুজ্জামানের নজরে আসে নাই। (চক্রবর্তী ২০০৭)
আনিসুজ্জামানের সততা লইয়া অধিক মন্তব্য সমীচীন হয় না। কারণ, সবিনয় নিবেদন করি, একই বিষয়ে আমিও আমার বিশ্লেষণ পত্রিকান্তরে প্রকাশ করিয়াছি। (খান ২০১১) তদুপরি তিনি ছিলেন আহমদ ছফার শিক্ষক। আর আহমদ ছফা আমার শিক্ষক বটেন। জীবজন্তুর শেষ নিঃশ্বাসের ন্যায় যে বিশ্বাসের বায়ু গতকালও আমার প্রাণে আসা-যাওয়া করিতেছিল এই অতিভাষণ পাঠ করিবার পর তাহাও আর রাখিতে পারিলাম না। বুঝিতে পারিলাম, আমাদের পরাধীনতার যুগ আজো শেষ হয় নাই।
রবীন্দ্রনাথ ঠাকুর নমস্য। তিনি পরাধীনতার দুই দুইটি যুগ সাফল্যের সহিত পার হইয়াছিলেন। দুঃখের বিষয়, তৃতীয় যুগটা তিনি আমলই করিতে পারেন নাই। আর পদ্মভূষণ প্রমাণ করিতেছেন তিনি আজো দ্বিতীয় যুগেই আটক রহিয়াছেন। তবে কি না বলিতে হয়, রবীন্দ্রনাথের যুগে যাহা ট্রাজেডি, আনিসুজ্জামানের জমানায় তাহা প্রহসনের রূপ ধরিয়াছে।
ফ্রানৎস ফানোঁ বৃথা বলেন নাই, ‘যাহার যাহা কর্তব্য তাহার তাহা—তুলনার ভাষায় বলিতে খানিক আবছায়ার মধ্যে—পুরুষ হইতে পুরুষান্তরে নতুন করিয়া নির্ণয় করিতে হয়। এই কর্তব্য তাহারা হয় পালন করিবেন, নয় তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিবেন।’ (ফানোঁ ২০০২ : ১৯৭; ফানোঁ ২০০৪ : ১৪৫)
দোহাই
    ১   আনিসুজ্জামান, ‘ভূমিকা,’ ভূঁইয়া ইকবাল সম্পাদিত, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, ২য় সংস্করণ (ঢাকা : প্রথমা প্রকাশন, ২০১২), পৃ. [৭]-[৯]; ১ম প্রকাশ ২০১০।
    ২   _______ সম্পাদিত, রবীন্দ্রনাথ, পুনর্মুদ্রণ (ঢাকা : অবসর, ২০০৯); ১ম সংস্করণ ১৯৬৮।
    ৩   মহিউদ্দিন আহমদ, আওয়ামী লীগ : উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০ (ঢাকা : প্রথমা প্রকাশন, ২০১৬)।
    ৪   ভূঁইয়া ইকবাল সম্পাদিত, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, ২য় সংস্করণ (ঢাকা : প্রথমা প্রকাশন, ২০১২); ১ম প্রকাশ ২০১০।
    ৫   জসীমউদ্‌দীন : ঠাকুরবাড়ির আঙিনায়, ৭ম মুদ্রণ (ঢাকা : পলাশ প্রকাশনী, ২০০৩)।
    ৬   সলিমুল্লাহ খান, ‘বাঙ্গালাভাষায় রক্তের ব্যবসায়,’ পাক্ষিক অন্যদিন, ঈদ সংখ্যা ২০১১।
    ৭   সুমিতা চক্রবর্তী, ‘বাংলা সাহিত্যে খুনের মামলা : অন্তিম রায়,’ সৃষ্টি-স্বাতন্ত্র্যে নজরুল (কলকাতা : পুস্তক বিপণি, ২০০৭), পৃ. ১৬১-৬৮।
    ৮   আহমদ ছফা, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ (ঢাকা : বুক সোসাইটি, ১৯৮৯)।
    ৯   _______ আনুপূর্বিক তসলিমা এবং অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ (ঢাকা : স্টুডেন্ট ওয়েজ, ১৯৯৪)।
    ১০  _______ ‘রবীন্দ্রনাথের “গোরা” উপন্যাস : নতুন ভাবনাচিন্তা,’ রোববার, ১৩ আগস্ট ১৯৯৫।
    ১১   _______ আহমদ ছফা বললেন... : সাক্ষাৎকার পুস্তক (ঢাকা : র‌্যামন পাবলিশার্স, ১৯৯৬)।
    ১২  _______ ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা,’ আহমদ ছফা রচনাবলি, নূরুল আনোয়ার সম্পাদিত, ১ম খণ্ড (ঢাকা : খান ব্রাদার্স, ২০০৮ক), পৃ. ৪৮৭-৫১১।
    ১৩  _______ ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : শতবর্ষের ফেরারি,’ আহমদ ছফা রচনাবলি, নূরুল আনোয়ার সম্পাদিত, ৫ম খণ্ড (ঢাকা : খান ব্রাদার্স, ২০০৮খ), পৃ. ৩৫৩-৪০০।
    ১৪  _______ ‘রবীন্দ্রনাথের সংস্কৃতি সাধনা,’ আনিসুজ্জামান সম্পাদিত, রবীন্দ্রনাথ, পুনর্মুদ্রণ (ঢাকা : অবসর, ২০০৯), পৃ. ২৫৪-৫৮; ১ম সংস্করণ ১৯৬৮।
    ১৫  _______ [‘জয়তু রবীন্দ্রনাথ’], আহমদ ছফার ‘স্বদেশ’, সলিমুল্লাহ খান সম্পাদিত (ঢাকা : আগামী প্রকাশনী এবং এশীয় শিল্প ও সংস্কৃতি সভা, ২০১৫), সম্পাদকীয়, পৃ. ১২০; ১ম প্রকাশ : আহমদ ছফা সম্পাদিত, স্বদেশ, ১ম বর্ষ ২য় সংখ্যা, চৈত্র ১৩৭৬ [১৯৭০]।
    ১৬  রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব, পুনর্মুদ্রণ (ঢাকা : ন্যাশনাল বুদ্ধিষ্ট ইয়ুথ ফেডারেশন, ১৩৭৯)।
    ১৭  _______  পারস্য-যাত্রী, পুনর্মুদ্রণ (কলকাতা : বিশ্বভারতী, ১৩৯২)।
    ১৮  অমিয়া বন্দ্যোপাধ্যায়, মহিলাদের স্মৃতিতে রবীন্দ্রনাথ (কলিকাতা : বিশ্বভারতী, ১৯৬৪)।
    ১৯  তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, ক্যাথরিন মাসুদ সম্পাদিত (ঢাকা : প্রথমা প্রকাশন, ২০১২)।
    ২০  বন্দে আলী মিয়া, জীবনের দিনগুলি (ঢাকা : আহমদ পাবলিশিং হাউজ, ১৩৭৩)।
    ২১  _______ বন্দে আলী মিয়া রচনাবলী, আলাউদ্দিন আল আজাদ সম্পাদিত (ঢাকা : বাংলা একাডেমী, ১৪০৪)।
    ২২  [বিনয় কুমার সরকার], বিনয় সরকারের বৈঠকে, হরিদাস মুখোপাধ্যায় ও অন্যান্য সম্পাদিত, ১ম ভাগ, পুনর্মুদ্রণ (কলকাতা : দে’জ পাবলিশিং, ২০০৩); ১ম সংস্করণ ১৯৪২।
    ২৩  Franty Fanon, Les damnés de la terre (Paris : La Decovuerte, 2002).
    ২৪  _______ The Wretched of the Earth, trans. Richard Philcox (Nwe York : Grove Press, 2004).
(সলিমুল্লাহ খান সম্পাদিত ‘আহমদ ছফা স্মৃতি’ গ্রন্থমালার প্রথম খণ্ড ‘গরিবের রবীন্দ্রনাথ’ বইয়ের ভূমিকা হিসেবে লিখিত। প্রকাশক  : মধুপোক। পরিবেশক  : বাতিঘর ও কাক বইঘর। পৃষ্ঠা ১৪৪। মূল্য ২৯৫ টাকা।)।  সূত্র ntv অনলাইন 

Saturday, 4 February 2017

তিস্তার পানি না পাওয়ায় মরুভূমিতে পরিণত হতে চলছে উত্তরবঙ্গ।


তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য আলীগ সরকার দায়ী।

সূফি বরষণ
পানি অভাবে মরুভূমিতে পরিণত হয়েছে তিস্তা নদী। উজান ও ভাটি এখন পরিণত হয়েছে ধু- ধু বালুচরে। ভয়াবহ পানি সংকটে পড়েছে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। চলতি রবি ও খারিপ-১ মৌসুমে ২৮ হাজার ৫শ হেক্টর জমিতে সেচ প্রদানের টার্গেট করা হলেও বর্তমানে যে পরিমান পানি রয়েছে তাতে করে মাত্র ৬শত হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব। তিস্তা ব্যারেজে সিল্টট্রাপ থেকে ৫কিলোমিটার পর্যন্ত সেচ খালের তুহিন বাজার এসওয়ান টি ক্যানেলেরর পর পানি দিয়ে পারছে না পাউবো কর্তৃপক্ষ। অবশিষ্ট ক্যানেলের পানি প্রবাহ বন্ধ করায় তারা কৃষকদের আন্দোলনের মুখে পড়তে পরেন।

তিস্তা নদীর পানি বন্টন চুক্তি থমকে রয়েছে। এ অবস্থায় স্বল্প পানির প্রবাহের উপর ভর করে চলতি রবি ও খারিপ-১ মৌসুমে তিস্তা ব্যারাজের মাধ্যমে সেচ কার্যক্রম ২১ জানুয়ারি শুরু করা হয়েছে। তবে এবার সেচ প্রদানে রংপুর ও দিনাজপুর জেলার কমান্ড এলাকাকে সেচ সুবিধা থেকে বাদ রেখে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সেচ নির্ভর বোরো আবাদে পানি দিতে পারছেন না সংশ্লিষ্টরা। ফলে সেচের জন্য তিস্তা ব্যারাজের কমান্ড এলাকার কৃষকরা পানির জন্য মরিয়া হয়ে উঠেছে। তিস্তার নদীর উজান ও সিল্টট্রাপ খনন না হওয়ায় কারনে পলি জমে ভরাট হয়েছে। তিস্তার সেচের পানি সিলট্রাপে জমা রেখে পর্যায়ক্রমে প্রধান ক্যানেলের মাধ্যমে বিভিন্ন সেচ ক্যানেলে সরবরাহ করে আসত। সিল্টট্রাপ পলি অপসারন না হওয়ায় পর্যাপ্ত পানি সংরক্ষন করতে পারছে না পাউবো।

গত ২১ জানুয়ারী সেচ ক্যানেলে পানি সরববাহের সময় তিস্তার পানি প্রবাহ ৯শ কিউসেক থাকলেও কমে দাড়িয়েছে ২শ কিউসেকে।

সম্ভাবনা জাগিয়েও বারবার থেমে থাকছে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে কৃষকদের মাঝে হতাশা বিদ্যমান রয়েছে।  তিস্তার ব্যারেজের ৫২টি সুইচ গেটে সুইচ গেট বন্ধ রাখা হয়েছে। তিস্তার উজান ও ভাটিতে বিশাল বালুর চর পড়েছে। উজানে একটি সরু ক্যানেলে শুধূ মাত্র পানি লক্ষ্য করা যায়। উজানে জেলেদের মাছ ধরার ডিঙ্গি নৌকাগুলো বেধে রাখা হয়েছে। নদীতে মাছ ধরতে না পারায় কয়েকশত জেলে পরিবার অনাহারে অধাহারে দিনাতিপাত করছে।

আর বর্তমানে এই বিষয়ে ভূমিকার জন্যে 'আনন্দবাজার'র প্রতি ঘৃণা প্রকাশ না করে কোনও উপায় নেই। গত ২৬ জানুয়ারির 'আনন্দবাজার'র রিপার্টের ভাষা দেখেন। ভারত নাকি বাংলাদেশকে সবকিছু 'দান' করছে! অথচ গত ৪৫ বছরে ভারতের পানি আগ্রাসনের কারণে ৭০০ নদ নদী বিলিন হয়ে গেছে ।

১০০ কোটি ডলারের প্রতিশ্রুত ঋণ থেকে ২০ কোটি ডলার দিতে চেয়েছিল অনুদান হিসেবে। সেই প্রতিশ্রুত ঋণ-ই ঠিকমত দেয়নি,আবার অনুদান! বিদ্যুৎ -রাস্তা...কোনও কিছুই ভারত 'দান' করেনি বাংলাদেশকে।

বাংলাদেশ অনেক কিছু 'দান' করেছে ভারতকে। নদীর উপর বাঁধ দিয়ে বৈদ্যুতিক সরঞ্জাম নেয়ার সুযোগ 'দান' করেছে, বিনা ফি'তে এবং পরবর্তীতে নামমাত্র ফি'তে ট্রানজিট সুবিধা 'দান' করেছে।নিরাপত্তা ইস্যুতে বিশাল 'দান' করেছে, বিচ্ছিন্নতাবাদীদের তুলে দিয়েছে ভারতের হাতে।

আনন্দবাজার'র ভাষ্য অনুযায়ী বাংলাদেশ যেন 'ভিক্ষা' চাইছে ভারতের কাছে। আনন্দবাজার গোষ্ঠীর বোধের মধ্যে আসা দরকার, তিস্তার পানি করুণা বা ভিক্ষা নয় বাংলাদেশের অধিকার। আনন্দবাজার'র বাংলাদেশ বিরোধী অসম্মানজনক সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে,ভারত বা ভারতের জনমানুষের বিরুদ্ধে অবস্থান নয়।

পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বিপর্যয়ের মূখে, বাংলা পত্রিকা আনন্দবাজারও। তাই এখন তারা মাঝেমধ্যে বাংলাদেশ বিষয়ক দু'একটি ইতিবাচক গল্প লিখে, মানুষকে বিভ্রান্ত করে অনলাইনে বাংলাদেশের পাঠক এবং বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে চাইছে। আমাদের বোঝা দরকার আনন্দবাজার গোষ্ঠীর এখনকার ভূমিকা বাংলাদেশের জনমানুষের স্বার্থপরিপন্থী।

Monday, 30 January 2017

ঘান্নুশি দর্শন: গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সেকুলার হওয়ার প্রয়োজন নেই ।


মুহাম্মদ নূরে আলম বরষণ, লন্ডন থেকে।

প্রগ্রেসিভ ইউনিয়ন অব জার্নালিস্ট ইউকের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে সমকালীন ব্রিটিশ বাংলাদেশী মুসলিম স্কলার, বুদ্ধিজীবী ও বিজ্ঞানী ড. মুহম্মদ কামরুল হাসান বলেন, তিউনিশিয়ার বিখ্যাত রাজনীতিবিদ দার্শনিক রাশিদ ঘান্নুশি ছিলেন সমসাময়িক মুসলিম বিশ্বের একজন মেধাবী ও সৃজনশীল চিন্তাবিদ। তিউনিশিয়া মূল ধারার গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা ঘান্নুশি মনে করেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষকে সেকুলার হওয়ার প্রয়োজন নেই। রাষ্ট্রের গণতান্ত্রিক উন্নয়নের, আইন শাসন, অর্থনৈতিক উন্নয়নে, আর্থ সামাজিক উন্নয়নের জন্য সেকুলার, বাম, জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীদের সাথে সমন্বয় করা খুবই জরুরী ।


স্থানীয় সময় রোববার রাতে লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এক সেমিনারে মুসলিম চিন্তাবিদ ও দার্শনিক রাশিদ ঘান্নুশির চিন্তার দর্শনের উপর গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন ।


প্রগ্রেসিভ ইউনিয়ন অব জার্নালিস্ট ইউকের সম্বনয়কারী সাংবাদিক নূরে আলম বরষণের পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান মিয়াজী, দ্যা গ্লোবাল নিউজের সম্পাদক নাজমুল হোসাইন, সাংবাদিক মাহবুব আলী খানশূর, মানবাধিকার কর্মী মনিরুল হক, সাইদ মুহম্মদ বাকী, মাহমুদ আহমদ, জাবেদ হোসাইন, আব্দুল আউয়াল তারেক, আদিল মিয়া প্রমুখ।


বুদ্ধিজীবী ড. মুহম্মদ কামরুল হাসান বলেন, মুসলিম বিশ্বের অবিসাংবাদিত নেতা এবং তিউনিশিয়া বিরোধীদলীয় "আন নাহাদা পার্টির কো প্রতিষ্ঠা দার্শনিক রাশিদ ঘান্নুশি গণতান্ত্রিকভাবে রাষ্ট্রে ইসলাম ও জনগণের কল্যাণের কথা চিন্তা করেন। তাঁর যৌথ প্রতিষ্ঠিত দল ১৯৭২ সালে ‘ইসলামী দল’ (আল জামায়াহ আল ইসলামিয়্যাহ) নাম দিয়ে তিউনিশিয়ায় প্রথম ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৮১ সালে এটি ‘ইসলামী ধারার আন্দোলনে’ (হারাকাত আল ইতিজাহ আল ইসলামী) পরিণত হয়। সর্বশেষ, ১৯৮৯ সালে এটি ‘রেনেসাঁ আন্দোলনে’ (হারাকাত আন নাহদা) পরিণত হয়।


মোটাদাগে, এই তিনটি সংগঠন ইসলামী আদর্শের তিনটি ভিন্ন ভিন্ন ধরনকে ধারণ করে। প্রথম দলটি ছিল পুরোপুরি একটি ধর্মীয় আন্দোলন। তারা মসজিদগুলোতে ইসলামী আদর্শের প্রচার করতো। ‘আল মারিফা’ (জ্ঞান) নামে একটি ম্যাগাজিন প্রকাশ করতো। পরিবার ও শিক্ষা ইত্যাদি সামাজিক ও ধর্মীয় বিষয়গুলো ছিল এর বিষয়বস্তু। এছাড়া আন্দোলনটি তরুণদেরকে ইসলামী নৈতিকতা শিক্ষা দিতো। এইসব পরিবর্তনে প্রজ্ঞ দার্শনিক রাশিদ ঘান্নুশির সুদুর প্রসারি চিন্তার ছাপ প্রমাণিত হয় আন নাহাদা ক্ষমতায় আসার মধ্যে।


ড. কামরুল হাসান বলেন, ১৯৮৯ সালে ‘আন নাহদা মুভমেন্ট পার্টি’ নাম নিয়ে নতুনভাবে কাজ শুরু করে। এর পেছনে একটা প্রেক্ষাপট রয়েছে। ১৯৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাবিব বুরগিবাকে অভ্যুত্থানের মাধ্যমে হঠিয়ে ক্ষমতায় আসেন যাইন আল আবেদিন বেন আলী। তার সময়ের গণমুখী রাজনীতির সুযোগ গ্রহণ করা ছিল এই পরিবর্তনের উদ্দেশ্য। বেন আলী শুরুর দিকে গণতান্ত্রিক রূপান্তর এবং একটি বহুত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল নিজের ক্ষমতার বৈধতাকে আরো শক্তপোক্ত করা। পরবর্তীতে তিনি এই প্রতিশ্রুতি আর রক্ষা করেননি। নয়া সরকারকে আশ্বস্ত রাখা এবং রাজনৈতিক দল সংক্রান্ত তিউনিশিয়ার নতুন আইন অনুযায়ী (যে আইনে ধর্মীয় দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে) নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা তখন প্রয়োজনীয় ছিল। তাই দার্শনিক রাজনৈতিক নেতা ঘান্নুশি এবং ইসলামপন্থী অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের নাম পরিবর্তন, নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেয়া এবং সংগঠনের আদর্শের পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেন। ফলে নতুন নাম হয় ‘আন নাহদা মুভমেন্ট’। এই প্রেক্ষাপটে দাবি করা হয়েছিল, রাজনৈতিক ইসলাম সম্পর্কে ক্লাসিকাল ইসলামী আন্দোলনগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তে তিউনিশিয়ার ইসলামী আন্দোলনের জন্য আন নাহদা নতুন এক দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে।


ড. কামরুল হাসান বলেন, সর্বশেষ কংগ্রেসে ঘান্নুশি তার বক্তব্যে বলেছেন, “নিছক মতাদর্শ, বড় বড় শ্লোগান আর রাজনৈতিক ঝগড়া-বিবাদ দিয়ে আধুনিক রাষ্ট্র চলে না। বাস্তব কর্মসূচির আলোকেই রাষ্ট্র চালাতে হয়। এর পাশাপাশি রাজনৈতিক ইসলামী আন্দোলনগুলোর প্রচলিত প্ল্যান-ইসলামিক এজেন্ডা থেকে আন নাহদা সরে এসে শুধু জাতীয় এজেন্ডা অর্থাৎ তিউনিশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছে।


কাঠামোগত অর্থে এই সিদ্ধান্তের মানে হলো, আন্দোলনটি একটি গতানুগতিক দলে পরিণত হবে এবং ধর্মীয় দাওয়াতী কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে নেবে। এ বিষয়টি নিশ্চিত করে ঘান্নশি বলেন, “আমরা ধর্মকে রাজনৈতিক বিবাদ থেকে দূরে রাখতে চাই। রাজনৈতিক দ্বন্দ্ব থেকে দূরত্ব বজায় রেখে, দলীয়করণ থেকে মুক্ত রেখে মসজিদগুলোর পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা আহ্বান জানাই।


ড. কামরুল হাসান তাঁর প্রবন্ধে আরও বলেন, আজ থেকে তিরিশ বছর পূর্বে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে বুরগিবা বিরোধী দলের একজন শীর্ষনেতাকে পুনরায় বিচারের আওতায় আনার নির্দেশ প্রদান করেছিলেন। ওই নেতার যাবজ্জীবন কারাদণ্ডকে বুরগিবা যথেষ্ট মনে করেননি। তাই তিনি তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন। মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান এই ব্যক্তিটি ছিলেন শায়খ রশিদ ঘানুশী। আরব বসন্তের আধ্যাত্মিক নেতা। বিপ্লবোত্তর তিউনিশিয়ার জনক বলে অনেকে যাকে সম্মান করে থাকেন। বুরগিবারের পর ক্ষমতায় আসেন আরেক স্বৈরশাসক বেন আলী।


ড. কামরুল হাসান আরও বলেন, ১৯৮১ সালের ৬ জুন এটি ‘ইসলামী ধারার আন্দোলন’ হিসেবে যাত্রা শুরু করে। নতুন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন দলিলপত্র অনুযায়ী এর মধ্যে রাজনৈতিক ইসলামী আন্দোলন গুলোর চারটি গতানুগতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: এক. সংগঠনটি ধর্ম ও রাজনীতিকে অবিচ্ছেদ্য দুটি সত্ত্বা হিসেবে বিবেচনা করে। ইসলামের সামগ্রিক রূপকে গ্রহণ করার ঘোষণা দেয়। সেক্যুলারিজম এবং প্রাগম্যাটিজম হতে মুক্ত থেকে রাজনীতি করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকে। ধর্ম ও রাজনীতির পৃথকীকরণের চিন্তাকে তারা খ্রিস্টীয় ধারণার অনুপ্রবেশ এবং ‘আধুনিকতা’র নেতিবাচক প্রবণতা হিসেবে সাব্যস্ত করে।


দুই. এই সংগঠন আত্মপরিচয়ের রাজনীতির উপর গুরুত্বারোপ করে। এ জন্য তারা দুটি কাজকে প্রাধান্য দেয়: তিউনিশীয় ইসলামী ব্যক্তিত্বদের যথাযথ মূল্যায়ন এবং ইসলামী চিন্তার সংস্কার।


তিন. স্থানীয়, আঞ্চলিক, আরব বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থাৎ সকল পর্যায়ে ইসলামের রাজনৈতিক ও সামাজিক উপাদানগুলোকে ফিরিয়ে আনার তৎপরতা’য় অংশগ্রহণের মাধ্যমে তারা স্পষ্টতই প্যান-ইসলামী ভাবাদর্শকে গ্রহণ করেছে।


চার. লক্ষ্য অর্জনের জন্য সংগঠনটি ধর্ম ও রাজনীতির এক ধরনের মিশ্র পদ্ধতি ব্যবহার করে। এরমধ্যে রয়েছে ‘ইবাদত ও জনসমাগমের কেন্দ্র হিসেবে’ মসজিদের প্রকৃত ভূমিকা ফিরিয়ে আনা, ইসলামী ভাবধারাসম্পন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সূচনা করা, স্বৈরতন্ত্রকে প্রতিরোধ করা, ইসলামী সরকারব্যবস্থার আধুনিক মডেল উপস্থাপন এবং এর উন্নয়ন সাধন করা, ইসলামের সামাজিক মূলনীতিগুলোর উন্নয়ন ও প্রয়োগ ইত্যাদি।


তিউনিশিয়া হচ্ছে আরব বসন্তের আঁতুড়ঘর। দেশটি আবারো আরব বিশ্বকে এক নতুন পথ দেখানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এ প্রচেষ্টা কি সফল হবে? তিউনিশীয় গণতন্ত্র এখনো বেশ নাজুক। পর্যটন শহর সুসা’য় গতবছর সংঘটিত ব্রিটিশ পর্যটকদের উপর আইএসপন্থীদের নির্বিচার গুলিবর্ষণের ঘটনা থেকে এটি স্পষ্ট প্রমাণিত।


ড. কামরুল হাসান তাঁর প্রবন্ধে আরও বলেন, রাজধানী তিউনিসে ঘান্নুশির সিদ্ধান্তকে বেশ সাদরেই গ্রহণ করা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়টি আমরা বুঝতে পারি, যখন রাজধানী থেকে ২’শ কিলোমিটার দক্ষিণে দেশটির কেন্দ্রে অবস্থিত শহর সিদি বুজিদে পৌঁছি। এখানেই পাঁচ বছর আগে হতাশাগ্রস্ত ফল বিক্রেতা মোহাম্মদ বুআজিজি নিজের গায়ে আগুন ধরিয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে আরব বসন্তের সূচনা করে যান।


তিউনিশিয়ার জনগণ বার বার জোর দিয়ে বলার চেষ্টা করেছে যে, তাঁরা কট্টরপন্থা ও সহিংসতাকে সমর্থন করে না। আন-নাহদার রাজনীতিবিদ সাইয়্যেদ ফেরজানিসহ অনেকেই মনে করেন যে, মধ্যপন্থী মালিকি মাজহাবের প্রসারের ফলে ঐতিহাসিকভাবে তাঁরা চরমপন্থাকে পরিহার করেছেন।


উল্লেখ্য, তিউনিশিয়ার ৯৮ শতাংশ মানুষ ঐতিহ্যগতভাবে মালিকি মাজহাবের অনুসারী। এ ধরনের মধ্যপন্থী জাতীয়-মানস গঠনের পিছনে কেউ কেউ তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরগিবার শাসনামল (১৯৫৭-১৯৮৭) এবং তাঁর আধুনিকায়ন প্রকল্পের সাংস্কৃতিক প্রভাবের কথা বলেন। এছাড়া তিউনিশিয়ায় তেমন কোনো জাতিগত, উপজাতীয় কিংবা বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় বিভেদ নেই বললেই চলে, যা অন্যান্য দেশে অনেক প্রকটভাবে দেখা যায়।


তিনি বলেন, আন-নাহদার নেতৃবৃন্দও বেন আলীর সময় বছরের পর বছর নির্বাসিত জীবন যাপন করেছেন। ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত আন-নাহদার নেতা রশিদ আল-ঘানুসী লন্ডনে নির্বাসিত ছিলেন। দলটির অন্যান্য শীর্ষনেতাদের অবস্থাও একই। এইসব অভিজ্ঞতার ফলে আন-নাহদার রাজনৈতিক চিন্তাভাবনার উপর এক ধরনের আধুনিকায়নের প্রভাব পড়ে। ফলে তাঁরা সমন্বয়মূলক আদর্শ ধারণ ও লালন করার সুযোগ পায়। তিউনিশিয়ার সেক্যুলাররা স্থিতিশীল নয় এবং আরব বিশ্বে তারা অতুলনীয়। বরগিবা এবং বেন আলীর অধীনে তিউনিশিয়া ছিল একমাত্র দেশ যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ছিল। রশিদ আল-ঘানুসীর মতামত ছিল আমরা নিষিদ্ধ বা জোর করার পক্ষে নয় বরং এটা নারীর নিজস্ব স্বাধীনতার ব্যাপার ।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/98660#sthash.T39qp8FB.dpuf